যবিপ্রবির ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা

যবিপ্রবির ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা

স্ফুলিঙ্গ রিপোর্ট

তারিখ: ২৪ নভেম্বর ২০২৬

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং (এফবি) বিভাগের উদ্যোগে নবীন শিক্ষার্থীদের বরণ এবং বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে এ অনুষ্ঠান আয়োজিত হয়।

দিনব্যাপী এ আয়োজনে ছিল আলোচনা সভা, নবীনদের ফুলেল শুভেচ্ছা প্রদান, বিদায়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া, দোয়া মাহফিল এবং সাংস্কৃতিক পরিবেশনা। পাশাপাশি বিভাগের অন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি সত্য ও ন্যায়ের পথে অবিচল থেকে জীবনে সফল হওয়ার আহ্বান জানান। কর্মক্ষেত্রে সততা ও স্বচ্ছতা বজায় রাখার পরামর্শ দিয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় জীবনে নানা অভিজ্ঞতা ও পথের মুখোমুখি হতে হয়; সেখান থেকে সঠিক পথটি বেছে নেওয়াই শিক্ষার্থীদের প্রধান লক্ষ্য হওয়া উচিত।

তিনি আরও উল্লেখ করেন, শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় অল্প সময়ের মধ্যেই বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর তালিকায় যবিপ্রবি প্রথম স্থানে উঠে এসেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সব ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা ও দক্ষতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।

ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান এ এইচ এম শাহারিয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ড. মো. ইমরান শেখ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. অভিনু কিবরিয়া ইসলাম, প্রক্টর ড. মো. হামিদুর রহমান এবং বিভাগের প্রভাষক রুহুল কুদ্দুস ও মো. শাহনুর রহমান।

অনুষ্ঠানে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। দিনের কর্মসূচি শেষে সন্ধ্যায় বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *