স্ফুলিঙ্গ ডেক্স :
তারিখ: ২৪ নভেম্বর ২০২৬
রাজধানীতে চাকরির পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে চলন্ত ট্রেনের ছাদ থেকে ফেলে দিয়ে মনোয়ারুল ইসলাম ওরফে মনোয়ার (২৭) নামের এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে ছিনতাইকারীদের বিরুদ্ধে। তাঁর মুঠোফোন ছিনিয়ে নিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে এক কিশোরীসহ চারজনকে আটক করেছে পুলিশ।
নিহত মনোয়ার পাবনার টেবুনিয়া এলাকার ঘরনাগড়া গ্রামের বাসিন্দা নওশের আলীর ছেলে। গাজীপুরের কোনাবাড়ী এলাকায় সোমবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
আটককৃতরা হলেন নারায়ণগঞ্জের লিজা খাতুন (১৬), কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার আকাশ (২৩), গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার আব্দুর রহিম (৩০) এবং ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার রাব্বি ওরফে হৃদয়।
পুলিশ সূত্রে জানা যায়, ঢাকায় চাকরির পরীক্ষা শেষে সোমবার রাতে বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনের ছাদে চড়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হন মনোয়ার। ট্রেনটি কোনাবাড়ী এলাকা অতিক্রম করার সময় ছাদে থাকা ছিনতাইচক্রের কবলে পড়েন তিনি। ছিনতাইকারীদের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে তাঁর মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয় এবং চলন্ত ট্রেনের ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান মনোয়ার। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক চারজন বিষয়টি স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে আব্দুলপুর রেলওয়ে স্টেশনে ওই চারজনের গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয় বাসিন্দারা তাঁদের জিজ্ঞাসাবাদ করেন। খবর পেয়ে আব্দুলপুর পুলিশ তদন্ত কেন্দ্রের কনস্টেবল আব্দুস সালাম স্থানীয়দের সহায়তায় কৌশলে তাঁদের তদন্ত কেন্দ্রে নিয়ে যান। তল্লাশিতে আকাশের কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে আকাশ জানায়, ফোনটি ট্রেন থেকে চুরি করা হয়েছে এবং গাজীপুরের কোনাবাড়ী এলাকায় ট্রেনের ছাদ থেকে ফোন ছিনিয়ে নিয়ে মনোয়ারুল ইসলামকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার ঘটনায় তাঁরা জড়িত। পরবর্তীতে তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ তাহের আলী উদ্ধার হওয়া ফোনের সূত্র ধরে নিহতের বাবা নওশের আলীর সঙ্গে যোগাযোগ করেন। তিনি ফোনটি তাঁর ছেলে মনোয়ারের বলে শনাক্ত করেন। এরই মধ্যে গাজীপুরের কোনাবাড়ী এলাকায় একটি মরদেহ উদ্ধারের তথ্যও পাওয়া যায়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি ঈশ্বরদী রেলওয়ে ও কোনাবাড়ী রেলওয়ে থানার ওসিকে অবহিত করা হয়েছে। আটক চারজন বর্তমানে আব্দুলপুর পুলিশ তদন্ত কেন্দ্রে হেফাজতে রয়েছেন এবং তাঁদের রেলওয়ে পুলিশের কাছে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় সংশ্লিষ্ট রেলওয়ে থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ঈশ্বরদী রেলওয়ে থানার ওসি ফয়সল বিন আহসান জানান, ঘটনাটির তদন্ত করছে ঢাকা রেলওয়ে জেলা পুলিশ এবং তাঁরা তদন্তে প্রয়োজনীয় সহযোগিতা দিচ্ছেন। ছবি সংগৃহীত।
