মাগুরা প্রতিনিধি :
মাগুরা জেলাজুড়ে চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক ও জুয়াসহ নানাবিধ অপরাধ নির্মূল, সামাজিক সম্প্রীতি রক্ষা এবং প্রান্তিক পর্যায়ে জনসম্পৃক্ততার মাধ্যমে টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে জেলা পুলিশ। “জাগো জাগো জাগো—গড়বো সোনার দেশ, সবার আগে বাংলাদেশ” এই সুদৃঢ় দেশপ্রেমমূলক অঙ্গীকারকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে “ভিলেজ ডিফেন্স পার্টি” (ভিডিপি)।
বিজ্ঞাপন
গত শনিবার (৮ আগস্ট ২০২৬) রাত ১১টার দিকে মাগুরার শ্রীপুর থানাধীন গয়েশপুর এলাকার চন্ডীখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এ কার্যক্রমে শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।
বিজ্ঞাপন
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্বশরীরে উপস্থিত থেকে ভিলেজ ডিফেন্স পার্টির নতুন পথচলার শুভ সূচনা করেন মাগুরা জেলার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য পেশ করেন মাগুরা জেলা পরিষদের চেয়ারম্যান আলী আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, গ্রামীণ জনপদে নিরবচ্ছিন্ন শান্তি ও টেকসই আইনশৃঙ্খলা বজায় রাখতে সাধারণ মানুষের প্রত্যক্ষ অংশগ্রহণের বিকল্প নেই। ভিলেজ ডিফেন্স পার্টি স্থানীয় অধিবাসীদের সমন্বয়ে গঠিত হওয়ায় এটি মূলত কমিউনিটি পুলিশিং ব্যবস্থাকে মাঠপর্যায়ে আরও গতিশীল করবে। তিনি অপরাধমুক্ত সমাজ গঠনে মাদক, জুয়া ও দস্যুতার বিরুদ্ধে এলাকাবাসীকে এক হয়ে প্রতিরোধ গড়ে তোলার উদাত্ত আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিতি ছিলেন মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) থান্দার খায়রুল হাসান, পিপিএম, শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি), স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন শ্রেণির গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক গ্রামবাসী।
উদ্বোধনী কর্মসূচির শেষ পর্যায়ে নতুন গঠিত ভিলেজ ডিফেন্স পার্টির দায়িত্বপ্রাপ্ত সদস্যদের হাতে তাদের নৈশ পাহারার প্রধান সরঞ্জাম হিসেবে লাঠি, বাঁশি ও গামছা তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। ছবি সংগৃহীত।

