বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া (পটুয়াখালী) :
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার দেশের অন্যতম বৃহৎ মৎস্য বন্দর মহিপুরে বঙ্গোপসাগরের উপকূলীয় অঞ্চলে বেআইনি ও ক্ষতিকর ট্রলিং বোটের দৌরাত্ম্য বন্ধের দাবিতে মহাসড়ক অবরোধ ও তীব্র বিক্ষোভ প্রদর্শন করেছেন শত শত সাধারণ জেলে, স্থানীয় মৎস্য ব্যবসায়ী ও সংক্ষুব্ধ অধিবাসীরা।
বিজ্ঞাপন
গত শনিবার (৮ আগস্ট ২০২৬) রাতে মহিপুরের খাপড়োভাঙ্গা সেতু সংলগ্ন মহাসড়কে পটুয়াখালী-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেনের গাড়িবহর থামিয়ে এই অনড় অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ চালান ক্ষুব্ধ জেলেরা।
বিজ্ঞাপন
ঘটনার বিবরণে জানা গেছে, কুয়াকাটায় আয়োজিত ‘শহীদ আব্দুল করিম মুসুল্লি স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর সমাপনী পর্ব শেষে কলাপাড়া সদরে ফিরছিলেন সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন। পথিমধ্যে তাঁর বহরটি খাপড়োভাঙ্গা ব্রিজ এলাকায় পৌঁছালে পূর্বপ্রস্তুতি নিয়ে রাখা বিক্ষুব্ধ শত শত জেলে ও মৎস্যজীবী গাড়ি ঘিরে ধরে প্রতিবাদী স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি এতটাই বেগতিক ও আবেগঘন হয়ে ওঠে যে, বেশ কয়েকজন জেলি রাজপথে শুয়ে পড়ে ট্রলিং জালের বিরুদ্ধে তাঁদের ক্ষোভ প্রকাশ করতে থাকেন।
আন্দোলনকারীদের সুনির্দিষ্ট অভিযোগ, উপকূলীয় সামুদ্রিক জলসীমায় আধুনিক টেকনোলজি যেমন—ফিশ ফাইন্ডার, হাই-টেক জিপিএস ও রাডার ব্যবহার করে অবৈধ ট্রলিং বোটগুলো অবাধে পোনা ও ডিমওয়ালা মাছ ছেঁকে তুলছে। অত্যন্ত সূক্ষ্ম ফাঁসের জাল ব্যবহারের দরুন সামুদ্রিক মৎস্যসম্পদের বংশবৃদ্ধি চরম বিপর্যয়ের মুখে পড়েছে, যার প্রত্যক্ষ প্রভাবে সাধারণ প্রান্তিক জেলেদের জীবিকা একেবারে ধ্বংসের দ্বারপ্রান্তে এসে ঠেকেছে।
পরিস্থিতির ভয়াবহতা অনুধাবন করে সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন গাড়ি থেকে নেমে আসেন এবং অত্যন্ত ধৈর্য সহকারে ভুক্তভোগী জেলেদের কষ্টের কথা ও যৌক্তিক দাবিগুলো শোনেন। তিনি উপস্থিত সবাইকে শান্ত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “আপনাদের সকল দুঃখ-দুর্দশা ও দাবির বিষয়ে আমি ওয়াকিফহাল। স্থানীয় প্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে জরুরি আলোচনা করে সাধারণ জেলেদের কল্যাণ ও সামুদ্রিক সম্পদ রক্ষায় প্রয়োজনীয় সকল আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।”
সংসদ সদস্যের ইতিবাচক আশ্বাস ও প্রতিশ্রুতির পর আন্দোলনকারীরা মহাসড়ক থেকে সরে দাঁড়ালে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে। পরবর্তীতে সাংসদ সরাসরি মহিপুর থানা প্রাঙ্গণ পরিদর্শন করেন।
উক্ত ঘটনা ও পরিদর্শনকালে কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন সিকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, সাংগঠনিক সম্পাদক মো. সেলিম সিকদার, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার, মহিপুর থানা বিএনপির সভাপতি আব্দুল জলিল হাওলাদার এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজসহ বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের স্থানীয় জ্যেষ্ঠ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ছবি সংগৃহীত।


