মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
মাগুরার মহম্মদপুরে ‘ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬’-এর সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী নিয়োগ প্রক্রিয়ায় মারাত্মক অনিয়ম, স্বজনপ্রীতি ও বৈষম্যের সুনির্দিষ্ট অভিযোগ তুলে বিতর্কিত এই নিয়োগ বাতিল এবং তা পুনরায় গ্রহণের দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
আজ রোববার (৯ আগস্ট ২০২৬) সকাল ১১টার দিকে মহম্মদপুর উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় বিএনপির একটি অংশের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
বিজ্ঞাপন
প্রতিবাদ সমাবেশে স্থানীয় নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে অভিযোগ করেন, কোনো ধরনের সরকারি নীতিমালা বা স্বচ্ছতা না রেখে সম্পূর্ণ একপেশে ও স্বজনপ্রীতির মাধ্যমে নির্দিষ্ট একটি পক্ষের সুপারিশে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী পদে লোকবল নিয়োগ দেওয়া হয়েছে। এর ফলে প্রকৃত যোগ্য ও মেধাবী প্রার্থীরা চরমভাবে বঞ্চিত হয়েছেন।
উক্ত সমাবেশে বক্তব্য রাখেন মহম্মদপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য মো. জাহাঙ্গীর আলম খান বাচ্চু, সাবেক সভাপতি মো. গোলাম আজম সাবু, সাবেক সদস্য-সচিব ও ইউপি চেয়ারম্যান মো. আকতারুজ্জামান আক্তার, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য মো. সাজ্জাদুল আলম খান নান্নু, যুবদল নেতা শেখ শাহানুর রহমান এবং জেলা ছাত্রদলের সহ-সভাপতি পারভেজ আলম।
বক্তারা কেবল ফ্যামিলি কার্ডের নিয়োগ প্রক্রিয়াকেই নয়, বরং স্থানীয়ভাবে ইমাম-মুয়াজ্জিনদের ভাতা বণ্টন, কৃষি প্রণোদনা ও ভর্তুকি প্রদান এবং ভিজিএফ কার্ড বিতরণেও ব্যাপক অনিয়ম ও পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন। সরকারি সুযোগ-সুবিধা বণ্টনে অবিলম্বে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার জোর দাবি জানানো হয়। এ সময় হুঁশিয়ারি দিয়ে বলা হয়, অতি দ্রুত এই বৈষম্যমূলক নিয়োগ বাতিল করে নতুন করে পরীক্ষা নেওয়া না হলে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদানসহ ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এদিকে, নিয়োগে অনিয়মের সব অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করে মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বেদবতী মিস্ত্রী জানান, ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ সরকারি নীতিমালা অনুসরণ করে সর্বোচ্চ স্বচ্ছতার মাধ্যমেই সম্পন্ন করা হয়েছে। পরীক্ষা ও ফলাফল প্রকাশে কোনো ধরনের অনিয়ম বা পক্ষপাতিত্বের সুযোগ ছিল না।
ছবি সংগৃহীত।


