স্ফুলিঙ্গ রিপোর্ট :
তারিখ: ১৬ নভেম্বর ২০২৬
যশোর জেলা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আদালত পাড়ায় নতুন করে উত্তাপ ও বিতর্কের সৃষ্টি হয়েছে। বিএনপিপন্থী আইনজীবীদের প্যানেলের নির্বাচনী প্রচারণায় বিগত আওয়ামী লীগ সরকারের আমলের আলোচিত ও প্রভাবশালী পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এম ইদ্রিস আলীর সক্রিয় উপস্থিতি ঘিরে সাধারণ আইনজীবীদের একাংশের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও আদালত অঙ্গনে ছড়িয়ে পড়া একটি আলোকচিত্রে সাবেক পিপি এম ইদ্রিস আলীকে বিএনপিপন্থী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের শীর্ষ নেতাদের সঙ্গে নির্বাচনী গণসংযোগ ও প্রচারণায় অংশ নিতে দেখা যায়। ওই প্রচারণায় জেলা বিএনপির সভাপতি ও নির্বাচনে সমিতির সভাপতি প্রার্থী সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক প্রার্থী নূর আলম পান্নু এবং বর্তমান সাধারণ সম্পাদক এম এ গফুরসহ প্যানেলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অ্যাডভোকেট এম ইদ্রিস আলী বিগত আওয়ামী লীগ সরকারের পুরো শাসনামলে ‘বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ’-এর রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। ওই সংগঠনের ব্যানার ও সমর্থনে তিনি একাধিকবার যশোর জেলা আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হন। শুধু তাই নয়, দলীয় বিবেচনায় তিনি দীর্ঘ সময় ধরে যশোর জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটরের (পিপি) মতো গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
ক্ষুব্ধ ও আদর্শিক আইনজীবীদের অভিযোগ, বিগত সরকারের আমলে রাজনৈতিক পরিচয় ও দলীয় প্রভাব খাটিয়ে যাঁরা ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ছিলেন, এখন কেবল নির্বাচনী বৈতরণী পার হওয়ার স্বার্থে বিএনপিপন্থী প্রার্থীদের সঙ্গে তাঁদের এই ঘনিষ্ঠতা অত্যন্ত দৃষ্টিকটু। ভোটের মাঠে জয়লাভের আশায় নীতি ও আদর্শ জলাঞ্জলি দিয়ে রাজনৈতিক অবস্থানের এমন আকস্মিক পরিবর্তন নিয়ে তীব্র প্রশ্ন তুলেছেন তাঁরা।
সাধারণ আইনজীবীদের অভিমত, ঐতিহ্যবাহী যশোর জেলা আইনজীবী সমিতি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সুবিধাবাদীদের পুনর্বাসনকেন্দ্র হতে পারে না। যাঁরা নির্বাচনের মাঠে নেতৃত্ব দেওয়ার প্রত্যাশা করছেন, তাঁদের অতীত রাজনৈতিক ভূমিকা এবং পেশাগত নৈতিকতার বিষয়ে স্পষ্ট ও স্বচ্ছ অবস্থান থাকা জরুরি।
এদিকে, প্রচারণার ওই ছবিটি প্রকাশ্যে আসার পর থেকেই যশোর আদালত প্রাঙ্গণে ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় বইছে। নিছক নির্বাচনী ভোটের হিসাব-নিকাশ, নেপথ্যের কোনো রাজনৈতিক সমঝোতা, নাকি ব্যক্তিগত সম্পর্ক—ঠিক কোন সমীকরণে এই অসম মেরুকরণ ও ঘনিষ্ঠতা গড়ে উঠেছে, তা নিয়ে নানা প্রশ্ন তুলছেন সচেতন আইনজীবীরা। ছবি সংগৃহীত।

