কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ঐতিহাসিক বারোবাজার এলাকায় বিভিন্ন মিষ্টির দোকান, দইয়ের আড়ত, হোটেল এবং সিলিন্ডারে এলপিজি গ্যাস বিক্রয়কারী প্রতিষ্ঠানে এক বিশেষ বাজার তদারকিমূলক অভিযান পরিচালিত হয়েছে। ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘন এবং নানা অনিয়মের দায়ে এ সময় ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ২৬ হাজার টাকা সতর্কতামূলক জরিমানা আরোপ ও তা আদায় করা হয়েছে।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহেরের প্রত্যক্ষ নেতৃত্বে এই বাজার তদারকি অভিযানটি পরিচালিত হয়।
অভিযানকালে বাজার এলাকার ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে হালনাগাদ মূল্যতালিকা যথাযথভাবে দৃশ্যমান স্থানে প্রদর্শন করা হচ্ছে কি না, পণ্যের নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্য আদায় করা হচ্ছে কি না, ওজন ও পরিমাপে কোনো ধরনের কারচুপি করা হয় কি না এবং কোনো মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় বা সংরক্ষণ করা হচ্ছে কি না, তা পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হয়।
বিজ্ঞাপন
ব্যবসায়ীদের প্রতি কঠোর নির্দেশনা দিয়ে জানানো হয় যে, দৃশ্যমান স্থানে সঠিক মূল্যতালিকা প্রদর্শন করতে হবে, অতিরিক্ত মূল্য গ্রহণ থেকে বিরত থাকতে হবে, সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করতে হবে এবং কোনো অবস্থাতেই নকল, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় করা যাবে না। পাশাপাশি বাজারে কোনো ধরনের মজুতদারি ও কৃত্রিম সংকট তৈরি না করার জন্যও তাদের সতর্ক করা হয়। এ ছাড়া পণ্য কেনাবেচার সময় ক্রেতাদের যথাযথ রশিদ বা ক্যাশ ভাউচার প্রদান ও সংরক্ষণের বিষয়টিও কঠোরভাবে তদারকি করা হয়।
উক্ত তদারকি কার্যক্রমে সার্বিক সহযোগিতা প্রদান করেন কালীগঞ্জ উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর (অতিরিক্ত দায়িত্ব) মোক্তার হোসেন। এছাড়া আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে ঝিনাইদহ জেলা পুলিশের একটি চৌকস টিম অভিযানে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করে। সাধারণ ভোক্তা সাধারণের স্বার্থ রক্ষা, বাজারে সঠিক শৃঙ্খলা বজায় রাখা এবং পণ্যের ন্যায্যমূল্য ও মান নিশ্চিত করতে এ ধরনের বাজার তদারকি কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট দপ্তর থেকে জানানো হয়েছে। ছবি সংগৃহীত।

