স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরের বাঘারপাড়ায় আইনি অনুমোদন ও বিক্রয় রশিদ ব্যতিরেক অবৈধভাবে ১০ বস্তা ইউরিয়া সার পরিবহন ও সরবরাহের অপরাধে দুই ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বিজ্ঞাপন
আজ শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) রাতে উপজেলার ভিটাবল্লা বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় ও অর্থদণ্ড নিশ্চিত করা হয়।
বিজ্ঞাপন
আদালত সূত্র ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার (১১ সেপ্টেম্বর ২০২৬) রাতে বারভাগ গ্রামের রিকশাভ্যান চালক রবিউল ইসলাম কোনো বৈধ চালান বা ক্যাশ মেমো ছাড়াই ১০ বস্তা ইউরিয়া সার তেঘরী গ্রামের ইমদাদুল হকের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে ভিটাবল্লা বাজার এলাকায় সার পরিবহনের বিষয়টি স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হলে তারা ভ্যানটি থামিয়ে পুলিশ প্রশাসনকে খবর দেন। পরবর্তীতে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে সারগুলো জব্দ করে হেফাজতে নেয়।
এরপর আজ শনিবার রাতে বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভূপালী সরকার ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত অবৈধভাবে সার পরিবহন ও সরকারি বিধি ভঙ্গের অপরাধে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ (সংশোধিত ২০১৮)-এর ৮(১) ধারায় সংশ্লিষ্ট দুই অভিযুক্তকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেন। একই সাথে অনাদায়ে প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও ভূপালী সরকার জানান, কৃষকদের স্বার্থে সার বণ্টন, গুদামজাতকরণ কিংবা পরিবহনে কোনো প্রকার অনিয়ম বা কালোবাজারির চক্রান্ত বরদাশত করা হবে না। উপজেলা প্রশাসন সার সংকট কৃত্রিমভাবে তৈরির যেকোনো অপচেষ্টা রুখতে নিয়মিতভাবে আভিযানিক নজরদারি অব্যাহত রাখবে। ফাইল ছবি সংগৃহীত।

