স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে হাসান আলী (২০) নামের এক যুবকের করুণ মৃত্যু হয়েছে।
বিজ্ঞাপন
আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর ২০২৬) বেলা আনুমানিক ১টার দিকে উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের জয়ন্তা গ্রামে নিহতের নিজ বাড়ির সামনের পুকুরে এ হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। নিহত হাসান আলী জয়ন্তা গ্রামের অধিবাসী আব্দুল গফফারের ছেলে।
বিজ্ঞাপন
নিহতের পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাসান আলী দীর্ঘ দিন ধরে মৃগী রোগে ভুগছিলেন। আজ দুপুরে তীব্র গরমে পরিবারের অগোচরে বাড়ির সামনের পুকুরে গোসল করতে নামেন তিনি। গোসল করার একপর্যায়ে হঠাৎ মৃগী রোগের খিঁচুনি উঠলে তিনি পানিতে তলিয়ে যান।
বেশ কিছু সময় পার হওয়ার পর পরিবারের সদস্যরা তাঁকে দেখতে না পেয়ে পুকুরে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পানি থেকে তাঁকে উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে হাসান আলীকে মৃত ঘোষণা করেন। জরুরি বিভাগের চিকিৎসক জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ফাইল ছবি সংগৃহীত।


