স্ফুলিঙ্গ রিপোর্ট :
ফরিদপুরের কোতোয়ালি মডেল থানা থেকে গত ৫ আগস্টের পর লুণ্ঠিত হওয়া সরকারি বিপুল পরিমাণ গোলাবারুদ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে বিশেষ আভিযানিক দল এসআরবি-১০ (SRB-10)।
এক বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশের খোয়া যাওয়া ২৭ রাউন্ড শর্টগানের তাজা কার্তুজ, ১৩ টি টিয়ার গ্যাস শেল এবং ৭ টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১০-এর একটি চৌকস দল পরিত্যক্ত অবস্থায় তল্লাশি চালিয়ে এই গোলাবারুদগুলো উদ্ধার করতে সক্ষম হয়। তবে আইনি ও নিরাপত্তার স্বার্থে উদ্ধারের সুনির্দিষ্ট স্থান, তারিখ ও সময় উল্লেখ করা হয়নি।
বিজ্ঞাপন
প্রাথমিক অনুসন্ধানে নিশ্চিত হওয়া গেছে, উদ্ধারকৃত কার্তুজ, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডগুলো ফরিদপুর কোতোয়ালি মডেল থানা আক্রমণের সময়ে দুর্বৃত্তদের দ্বারা লুণ্ঠিত হয়েছিল। লুণ্ঠিত হওয়ার পর থেকে দুষ্কৃতকারীরা এগুলো আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে বা অপব্যবহারের উদ্দেশ্যে গোপন জায়গায় ফেলে রেখেছিল।
এসআরবি-১০ কর্তৃক উদ্ধারকৃত এসব তাজা কার্তুজ, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে। একই সাথে লুণ্ঠিত হওয়া বাকি অস্ত্র ও সরঞ্জাম উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। ছবি সংগৃহীত।

