উপজেলা প্রতিনিধি, ভাঙ্গা (ফরিদপুর):
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ফরিদপুর অংশের ভাঙ্গা টোলপ্লাজা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১২০ বোতল নেশাজাতীয় স্কাফ (Escuf) ও উইনরেক্স (Winrex) সিরাপসহ এক কিশোরী এবং তার মা ও খালাকে আটক করেছে এস আর বি-১০।
আজ বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) ভোরে যাত্রীবাহী একটি দূরপাল্লার বাসে তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়। পরবর্তীতে আটককৃতদের উদ্ধারকৃত আলামতসহ ভাঙ্গা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন— ফরিদপুর জেলার সদরপুর উপজেলার পিঁয়াজখালী গ্রামের আমির হোসেনের স্ত্রী শিউলি বেগম, তাঁর বোন ডলি বেগম (মৃত আশরাফ হোসেন মিঠুর মেয়ে) এবং শিউলি বেগমের অপ্রাপ্তবয়স্ক কন্যা তাহমিনা।
বিজ্ঞাপন
পুলিশ ও এস আর বির সূত্রে জানা যায়, সীমান্ত এলাকা থেকে মাদকের একটি চালান নিয়ে যাত্রীবাহী বাসযোগে এক্সপ্রেসওয়ে হয়ে গন্তব্যে যাওয়া হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে ভাঙ্গা টোলপ্লাজা এলাকায় বিশেষ চেকপোস্ট বসায় এস আর বি-১০-এর একটি চৌকস দল। এ সময় একটি সন্দেহভাজন বাস থামিয়ে তল্লাশি চালানোর সময় ওই তিন নারীর সাথে থাকা মালামাল থেকে ১২০ বোতল অবৈধ ও ক্ষতিকর নেশাজাতীয় স্কাফ ও উইনরেক্স সিরাপ জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান সকালে গণমাধ্যমকর্মীদের জানান, “এস আর বি-১০ অভিযান চালিয়ে আলামতসহ তিনজনকে আমাদের হেফাজতে বুঝিয়ে দিয়েছে। আটককৃতদের মধ্যে একজন কিশোরীও রয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণের আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।” ফাইল ছবি সংগৃহীত।

