স্ফুলিঙ্গ রিপোর্ট
তারিখ: ২২ নভেম্বর ২০২৬
যশোরের ঝিকরগাছা পৌরসভার সাবেক মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল ও তাঁর ছেলে মাহবুব সোবহান নাহিদসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন ভাগ্নে জাহিদ ফয়সাল। এ মামলায় বাদীর আপন ভাই ও ভাবিও আসামি হিসেবে রয়েছেন।
রোববার (২২ নভেম্বর) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করা মামলায় ফ্ল্যাটে ঢুকে মারধর, প্রাণনাশের হুমকি এবং জোরপূর্বক স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ আনা হয়েছে।
বিজ্ঞাপন
মামলার অভিযোগ অনুযায়ী, গত ২৯ সেপ্টেম্বর যশোর শহরের আরএন রোড এলাকার বিকে টাওয়ারে জাহিদ ফয়সালের ফ্ল্যাটে গিয়ে আসামিরা তাঁকে মারধর ও ভয়ভীতি দেখান; একপর্যায়ে জোর করে কয়েকটি স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয়। জমি ও সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধ থেকেই এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল অভিযোগটি তদন্ত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী রেবেকা খাতুন।
বাদী জাহিদ ফয়সালের দাবি, তাঁর ফ্ল্যাট দখলের চেষ্টা চলছে এবং বিভিন্ন সময় হুমকির মুখে পড়ায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।ছবি সংগৃহীত।
