স্ফুলিঙ্গ রিপোর্ট :
তারিখ: ১৭ নভেম্বর ২০২৬
যশোরের ঝিকরগাছা উপজেলায় নির্বাচনী পরীক্ষায় একাধিক বিষয়ে অকৃতকার্য হওয়ার ক্ষোভে এক শিক্ষার্থীর বাবা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ে প্রবেশ করে তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এই ন্যক্কারজনক ঘটনার পরপরই বিদ্যালয় কর্তৃপক্ষের দায়ের করা লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত অভিভাবককে দ্রুত গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) সকালে উপজেলার শিমুলিয়া ইউনিয়নের সেন্টলুইস মাধ্যমিক বিদ্যালয়ে এই অপ্রীতিকর ঘটনা ঘটে। লাঞ্ছিত হওয়া ওই প্রধান শিক্ষকের নাম ব্রাদার সঞ্চয় ম্যাথিয়াস রোজারিও। আর অভিযুক্ত শিক্ষার্থীর বাবার নাম ইউনুস আলী (৪০)।
বিজ্ঞাপন
বিদ্যালয়ের শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যদের স্বাক্ষরযুক্ত লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, সম্প্রতি সেন্টলুইস মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। প্রকাশিত ফলাফলে দেখা যায়, আরফিন আহমেদ নামের এক শিক্ষার্থী ছয়টি বিষয়ে অকৃতকার্য হয়েছে। এই ফলাফলে চরম ক্ষুব্ধ হয়ে ওই শিক্ষার্থীর বাবা ইউনুস আলী সোজা প্রধান শিক্ষকের কক্ষে প্রবেশ করেন। সেখানে কোনো ধরনের শালীনতা বা কথা বলার সুযোগ না দিয়েই তিনি প্রধান শিক্ষক ব্রাদার সঞ্চয় ম্যাথিয়াস রোজারিওকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।
অভিযোগে আরও জানানো হয়, প্রধান শিক্ষককে মারধরের পাশাপাশি অভিযুক্ত ইউনুস আলীর স্ত্রীও বিদ্যালয়ে এসে শিক্ষক-কর্মচারীদের বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করেন। এ ঘটনায় পুরো শিক্ষাপ্রতিষ্ঠানে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। পরে স্কুল কর্তৃপক্ষ ও শিক্ষকদের পক্ষ থেকে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ঝিকরগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।
এদিকে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের ওপর এ ধরনের হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঝিকরগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতি। সমিতির সভাপতি মো. আহাছান উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন সোহাগ এক যৌথ বিবৃতিতে বলেন, একজন শিক্ষকের গায়ে হাত তোলা মানে পুরো শিক্ষক সমাজ ও জাতির মেরুদণ্ডের ওপর আঘাত হানা। অবিলম্বে এই ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে। অভিযুক্ত ইউনুস আলীকে আটক করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। ছবি সংগৃহীত।

