কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি :
তারিখ: ১১ নভেম্বর ২০২৬
মাদকমুক্ত সমাজ গঠনে শুধু আইন প্রয়োগ নয়, প্রয়োজন পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত সচেতনতা—এমন গুরুত্বপূর্ণ বার্তাকে সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুরে অনুষ্ঠিত হয়েছে শিক্ষার্থীদের এক প্রাণবন্ত ও মননশীল বিতর্ক প্রতিযোগিতা। যুক্তি, পাল্টা যুক্তি আর বুদ্ধিদীপ্ত উপস্থাপনার মাধ্যমে শিক্ষার্থীরা মাদকাসক্তির ভয়াবহতা এবং তা প্রতিরোধে সামাজিক সচেতনতার প্রয়োজনীয়তা জোরালোভাবে তুলে ধরে। প্রতিযোগিতায় অষ্টম শ্রেণিকে পরাজিত করে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেছে নবম শ্রেণির শিক্ষার্থীরা। অন্যদিকে, অসাধারণ যুক্তি ও সাবলীল উপস্থাপনার জন্য শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছে অষ্টম শ্রেণির মেধাবী শিক্ষার্থী আনিকা তাহসিন।
আজ বুধবার (১১ নভেম্বর ২০২৬) কোটচাঁদপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের কোহিনুর অডিটোরিয়াম কক্ষে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার নির্ধারিত বিষয় ছিল—‘মাদকাসক্তি প্রতিরোধে সামাজিক সচেতনতাই মুখ্য’।
বিজ্ঞাপন
সহকারী শিক্ষক মো. শফিকুল ইসলামের প্রাণবন্ত সঞ্চালনা ও মডারেটরের দায়িত্বে প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোছা. ফরহানা খাতুন, মোছা. রোজলীন আক্তার বানু ও নাসরিন আক্তার।
প্রতিযোগিতায় পক্ষ দলে নবম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে অংশ নেয় নিশাত সারিকা, তাসনুভা ইসলাম সারাহ ও উম্মে হাবিবা। এই দলের দলনেতার দায়িত্ব পালন করে তাসনুভা ইসলাম সারাহ। অন্যদিকে বিপক্ষ দলে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে অংশ নেয় আফরা ছিদ্দিক, আনিকা তাহসিন ও মারিয়াম তাবাচ্ছুম। দলটির নেতৃত্ব দেয় আফরা ছিদ্দিক।
অষ্টম ও নবম শ্রেণির বিতার্কিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো প্রতিযোগিতাটি যুক্তি ও মননশীলতার এক ব্যতিক্রমী আয়োজনে রূপ নেয়। প্রতিযোগীরা নিজেদের বক্তব্যে মাদকের কুফল, তরুণ প্রজন্মের ওপর এর নেতিবাচক প্রভাব, পারিবারিক মূল্যবোধের অবক্ষয় এবং সামাজিক প্রতিরোধের প্রয়োজনীয়তা সুন্দরভাবে তুলে ধরেন। পাশাপাশি প্রতিপক্ষের যুক্তি খণ্ডনেও তারা চমৎকার আত্মবিশ্বাস, উপস্থিত বুদ্ধি ও সাবলীল উপস্থাপনার পরিচয় দেয়।
বিচারকদের চুলচেরা মূল্যায়নে নবম শ্রেণির পক্ষ দল বিজয়ী এবং অষ্টম শ্রেণির বিপক্ষ দল বিজিত হয়। তবে প্রতিযোগিতার ফলাফলের পাশাপাশি বিশেষভাবে সকলের নজর কাড়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থী ও বিপক্ষ দলের বিতার্কিক আনিকা তাহসিন। তার অত্যন্ত যুক্তিনির্ভর বক্তব্য, তাৎক্ষণিক যুক্তি খণ্ডন এবং সাবলীল উপস্থাপনা বিচারক ও উপস্থিত সকলকে মুগ্ধ করে, যার ফলশ্রুতিতে তাকে প্রতিযোগিতার শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত করা হয়।
প্রতিযোগিতা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি, সাবেক পৌর মেয়র ও স্থানীয় নেতা এস কে এম সালাহউদ্দিন বুলবুল সিডল বিজয়ী ও বিজিত উভয় দলের শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানান। একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের এ ধরনের সৃজনশীল ও মননশীল কার্যক্রমে নিয়মিত উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইসহাক আলী, সহকারী প্রধান শিক্ষক এস এম হুমায়ুন কবির বিপুল, শিক্ষক প্রতিনিধি মো. রফিকুল ইসলাম (রফিক মন্ডল) এবং ম্যানেজিং কমিটির সদস্য ও সাবেক কাউন্সিলর মো. খাইরুল ইসলামসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ। অতিথিরা বিজয়ী ও বিজিত দলের শিক্ষার্থীদের হাতে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
শিক্ষার্থীদের যুক্তিপূর্ণ ও সচেতনতামূলক বক্তব্যে পুরো কোহিনুর অডিটোরিয়াম মুখরিত হয়ে ওঠে এবং উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীদের মুহুর্মুহু করতালিতে পরিবেশ হয়ে ওঠে অত্যন্ত প্রাণবন্ত। সংশ্লিষ্ট শিক্ষকদের মতে, বিতর্ক চর্চা শিক্ষার্থীদের শুধু কথা বলার দক্ষতাই বাড়ায় না, বরং তাদের মধ্যে সুদৃঢ় যুক্তিবোধ, আত্মবিশ্বাস, সহনশীলতা ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি মাদকমুক্ত দেশ গড়তে আজকের কোমলমতি শিক্ষার্থীদের সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে এ ধরনের আয়োজন অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন। ছবি সংগৃহীত।
