কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি :
তারিখ: ১০ নভেম্বর ২০২৬
ঝিনাইদহের কোটচাঁদপুরে পৃথক বিশেষ অভিযানে ছয়জনকে গ্রেপ্তার করেছে কোটচাঁদপুর মডেল থানা পুলিশ। এর মধ্যে প্রকাশ্যে গাঁজা সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুইজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া সন্ত্রাসবিরোধী আইন ও নিয়মিত মামলার অন্য চার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার (৯ নভেম্বর) কোটচাঁদপুর থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে প্রকাশ্যে গাঁজা সেবনরত অবস্থায় ইসমাইল হোসেন মানিক (২২) ও মো. শাওন (২০) নামের দুই যুবককে আটক করে। পরে তাঁদের কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামীম হোসাইনের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় দোষী সাব্যস্ত করে আদালত তাঁদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
বিজ্ঞাপন
এদিকে, মঙ্গলবার (১০ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁরা হলেন—সাফদারপুর ইউনিয়ন আওয়ামী লীগের ২ নম্বর ওয়ার্ডের সদস্য শাহ আলম (৪২) এবং কোটচাঁদপুর উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মো. আশানুর ইসলাম (২৪)। পুলিশ জানায়, কোটচাঁদপুর মডেল থানার ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখের সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
অপরদিকে, একই দিনে পৃথক অভিযানে নিয়মিত মামলার আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে গোবিন্দপুর গ্রামের মুকুল বিশ্বাস কোটচাঁদপুর থানার ৬ নভেম্বর ২০২৬ তারিখের একটি মামলার এজাহারনামীয় এবং বলুহর শেখপাড়ার মো. লালটু ওরফে কালু (৪০) ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখের একটি মামলার সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার হয়েছেন। ছবি সংগৃহীত।

