মোঃ মাসুদ রানা, ঝিনাইদহ (কালীগঞ্জ) প্রতিনিধি
তারিখ: ১১ নভেম্বর ২০২৬
ঝিনাইদহের কালীগঞ্জ সরকারি মাহতাব উদ্দিন ডিগ্রি কলেজের মেরামত ও সংস্কারকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীনে প্রায় ২৫ লাখ টাকা ব্যয়ে চলমান এ কাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার, পুরাতন ইট দিয়ে মেঝেতে সলিং এবং নির্ধারিত কার্যাদেশের (শিডিউল) শর্ত উপেক্ষা করার অভিযোগ এনেছেন কলেজ কর্তৃপক্ষ।
কলেজ সূত্রে জানা গেছে, ‘সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মেরামত ও সংস্কার কাজ’ প্রকল্পের আওতায় মেসার্স আনোয়ার এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি বাস্তবায়ন করছে। বর্তমানে কলেজের একাডেমিক ভবন ও পুরাতন অনার্স ভবনের মেরামত ও প্রয়োজনীয় সংস্কারকাজ চলছে।
বিজ্ঞাপন
অভিযোগ রয়েছে, কার্যাদেশের নির্ধারিত শিডিউলে নতুন ইট ব্যবহারের স্পষ্ট নির্দেশনা থাকলেও সেখানে পূর্ব ব্যবহৃত পুরাতন ইট ও ইটের টুকরা দিয়ে মেঝের সলিং করা হচ্ছে। এছাড়া একাডেমিক ভবনের মেঝে যথাযথভাবে প্রস্তুত না করেই তাড়াহুড়া করে টাইলস বসানোর কাজ চালানো হচ্ছে। এসব অনিয়মের বিষয়ে কলেজ কর্তৃপক্ষ একাধিকবার মৌখিকভাবে আপত্তি জানালেও ঠিকাদারি প্রতিষ্ঠান তা আমলে নেয়নি বলে অভিযোগ পাওয়া গেছে।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাজ্জাদ হোসেন বলেন, “ঠিকাদার অত্যন্ত নিম্নমানের কাজ করছেন। আমরা বারবার নিষেধ করা সত্ত্বেও তিনি আমাদের কথা শুনছেন না। বিষয়টি সমাধান ও প্রয়োজনীয় ব্যবস্থার জন্য ইতোমধ্যে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে আনুষ্ঠানিকভাবে অবহিত করেছি।”
এ বিষয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী (পুর) তরিকুল ইসলাম জানান, ঠিকাদারকে শিডিউল অনুযায়ী কাজ করার জন্য সরেজমিনে পরিদর্শন শেষে ইতোমধ্যে আপত্তিকর ও নিম্নমানের নির্মাণসামগ্রী অপসারণের নির্দেশ দিয়ে চিঠি দেওয়া হয়েছে। সরকারি কাজের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বা অবহেলার সুযোগ দেওয়া হবে না।
তবে সব অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন ঠিকাদার জাকির হোসেন। তাঁর ভাষ্য, “নিয়ম মেনেই কাজ করা হচ্ছে। আমি সাময়িকভাবে সাইটে উপস্থিত ছিলাম না; সে সময় হয়তো অনুপস্থিতির সুযোগে শ্রমিকরা কিছু অনাকাঙ্ক্ষিত অনিয়ম করে থাকতে পারে।”
সরকারি অর্থায়নে ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানটির সংস্কারকাজে এমন অনিয়মের ঘটনায় কাজের সার্বিক গুণগত মান নিয়ে স্থানীয় সচেতন মহলে নানামুখী প্রশ্ন দেখা দিয়েছে। নির্ধারিত শিডিউল অনুযায়ী সততার সাথে কাজ বাস্তবায়ন, ব্যবহৃত নির্মাণসামগ্রীর সঠিক মান যাচাই এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর ও কঠোর তদারকির মাধ্যমে সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করার দাবি জানিয়েছেন কলেজসংশ্লিষ্ট সবাই। ছবি সংগৃহীত।
