স্ফুলিঙ্গ ডেক্স :
নাটোর জেলায় মাদকবিরোধী সফল অভিযান পরিচালনা করে ৩৭৫ গ্রাম হেরোইনসহ একটি টাটা ব্র্যান্ডের কার্গো ট্রাক জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় ট্রাকের চালক ও হেলপারকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) নাটোর জেলার লালপুর থানাধীন লালপুর থেকে বাঘাগামী পাকা রাস্তার ওপর বেরুল্লা বাড়ি তিনখুটি নামক স্থানে এই অভিযান পরিচালিত হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নাটোর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অধিদপ্তরের একটি দল নাটোরের লালপুর থানাধীন পাকা রাস্তার ওপর অবস্থান নেয়। সে সময় চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে ছেড়ে আসা একটি সন্দেহভাজন টাটা ব্র্যান্ডের কার্গো ট্রাক বেরুল্লা বাড়ি তিনখুটি নামক স্থানে পৌঁছালে তা থামানোর সংকেত দেওয়া হয়। পরবর্তীতে ট্রাকে তল্লাশি চালিয়ে সুকৌশলে লুকিয়ে রাখা মোট ৩৭৫ গ্রাম অবৈধ হেরোইন উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
মাদক বহনের দায়ে তাৎক্ষণিকভাবে ট্রাকের ড্রাইভার এবং হেলপারকে আটক করা হয়। জব্দ করা হয় মাদক পরিবহনে ব্যবহৃত টাটা ব্র্যান্ডের কার্গো ট্রাকটি।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে। ছবি সংগৃহীত।

