শরীফ স্বাধীন, মাগুরা
তারিখ: ১৬ নভেম্বর ২০২৬
সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় গণ্ডি পেরিয়ে সময়ের পরিক্রমায় মাগুরার কাত্যায়নী পূজা এখন রূপ নিয়েছে এক বর্ণিল ও সর্বজনীন প্রাণের উৎসবে। দুর্গাপূজার প্রায় এক মাস পর কার্তিকের স্নিগ্ধ সন্ধ্যায় ষষ্ঠীপূজার মধ্য দিয়ে মাগুরায় শুরু হয়েছে দক্ষিণ এশিয়া তথা দেশের অন্যতম বৃহৎ এই ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব। পাঁচ দিনব্যাপী এই বর্ণাঢ্য আয়োজনকে কেন্দ্র করে গোটা শহর এখন সেজেছে এক রূপকথার নগরীর আলোয়। চোখধাঁধানো আলোকসজ্জা, সুদৃশ্য তোরণ এবং প্রাচীন ইতিহাস-ঐতিহ্যের স্থাপত্যশৈলীতে নির্মিত চোখ জুড়ানো মণ্ডপগুলো দেখতে দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসতে শুরু করেছেন হাজারো দর্শনার্থী। বিশেষ করে দক্ষিণ এশিয়ার দীর্ঘতম ১২০ ফুটের দৃষ্টিনন্দন তোরণ এই আয়োজনে যোগ করেছে এক অনন্য মাত্রা। আয়োজকদের প্রত্যাশা, পূজা ও ঐতিহ্যবাহী এই মেলাকে ঘিরে দেশ-বিদেশের প্রায় পাঁচ লাখ মানুষের সমাগমে মুখরিত হয়ে উঠবে মাগুরা।
জেলা কাত্যায়নী পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা গেছে, আগামী ১৯ নভেম্বর পর্যন্ত জাঁকজমকপূর্ণভাবে চলবে এই পূজার মূল আনুষ্ঠানিকতা। তবে পূজার সমাপ্তি ঘটলেও উৎসবের আনন্দ ছড়িয়ে থাকবে আরও দীর্ঘ সময় ধরে; যার অংশ হিসেবে দুই সপ্তাহব্যাপী চলবে জমজমাট মেলা। এ বছর মাগুরা জেলার মোট ১০২টি মণ্ডপে কাত্যায়নী পূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে পৌরসভার জামরুলতলা, নতুনবাজার, ছানার বটতলা, বাটিকাডাঙ্গা, সাতদোহা, নিজনান্দুয়ালী ও পারনান্দুয়ালীসহ ২১টি মণ্ডপে রয়েছে বিশেষ ও বর্ণাঢ্য আয়োজন। বিশেষ করে পারনান্দুয়ালী, নতুনবাজার সাহাপাড়া, ছানাবাবুর বটতলা, জামরুলতলা ও স্মৃতিসংঘের পূজামণ্ডপগুলো দর্শনার্থীদের কাছে অন্যতম প্রধান আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
বিজ্ঞাপন
প্রচলিত ঐতিহাসিক তথ্য অনুযায়ী, মাগুরার এই কাত্যায়নী পূজার রয়েছে প্রায় ৭৩ বছরের গৌরবময় ইতিহাস। ব্রিটিশ আমলে মাগুরা সদর উপজেলার পারনান্দুয়ালী এলাকায় স্থানীয় জেলে সম্প্রদায়ের সতীশ চন্দ্র মাঝি (মতান্তরে কেষ্টপদ সরকার) নিজ বাড়ির আঙিনায় প্রথম এই পূজার শুভসূচনা করেন। পরবর্তীতে ১৯৫৩ সাল থেকে তিনি পুনরায় মহাসমারোহে এর আয়োজন শুরু করেন। দেশভাগ ও স্বাধীনতা-পরবর্তী সময়ে ধীরে ধীরে এই উৎসব মাগুরা শহর ছাড়িয়ে পুরো জেলায় ছড়িয়ে পড়ে এবং পরিণত হয় এ অঞ্চলের মানুষের অন্যতম প্রধান সামাজিক ও ধর্মীয় উৎসবে।
শাস্ত্রীয় ব্যাখ্যায় জানা যায়, দ্বাপর যুগে শ্রীকৃষ্ণের সান্নিধ্য লাভের আশায় গোপবালারা মাসব্যাপী দেবী কাত্যায়নীর আরাধনা করেছিলেন, যা সাধারণত কার্তিক ও অগ্রহায়ণ মাসে অনুষ্ঠিত হতো। কাত্যায়নী পূজার বিশেষত্ব হলো, এখানে দেবী দুর্গার প্রতিমার কোলে শ্রীকৃষ্ণের মূর্তি স্থাপন করা হয়; যার মাধ্যমে দেবী দুর্গার আরাধনার মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের পবিত্র সান্নিধ্য লাভের গভীর আকাঙ্ক্ষাই প্রকাশ পায়।
সরেজমিনে ঘুরে দেখা যায়, পূজা উপলক্ষে গোটা শহর এক রূপালি চাদরে ঢাকা পড়েছে। বিভিন্ন সড়ক ও পূজামণ্ডপের প্রবেশমুখে তৈরি করা হয়েছে সুদৃশ্য তোরণ ও শৈল্পিক প্যান্ডেল। কাঠ, বাঁশ, ককশিট, জরি, রঙিন কাপড় এবং নানা পরিবেশবান্ধব উপকরণের নিখুঁত ব্যবহারে ফুটিয়ে তোলা হয়েছে প্রাচীন আমলের নানা ঐতিহাসিক স্থাপত্য। প্রতিমা নির্মাণ এবং মণ্ডপসজ্জার এই নিখুঁত কাজ সম্পন্ন করতে দেশ ও বিদেশ থেকে আসা অভিজ্ঞ শিল্পীরা দল বেঁধে প্রায় এক মাস ধরে অক্লান্ত পরিশ্রম করেছেন।
মাগুরার এই নান্দনিক উৎসবের টানে প্রতিবছরই আমেরিকা, কানাডা, ভারত, নেপাল ও শ্রীলঙ্কাসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে অসংখ্য প্রবাসী ও পর্যটক ছুটে আসেন। উৎসবকে কেন্দ্র করে সনাতন ধর্মাবলম্বী প্রতিটি পরিবারে বইছে আনন্দের জোয়ার; দেশের বিভিন্ন প্রান্ত থেকে আত্মীয়স্বজনের আগমনে মুখর হয়ে উঠেছে প্রতিটি বাড়ি। পূজার পাশাপাশি ঐতিহ্যবাহী মেলা এই উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ। মেলায় বসেছে গ্রামীণ সংস্কৃতির নানা পসরা—যেখানে কাঠ ও মাটির আসবাবপত্র, ঐতিহ্যবাহী খেলনা, পুতুলনাচ এবং নানা কুটিরশিল্পের সমারোহে মুখরিত হয়ে উঠেছে চারপাশ।
জেলা কাত্যায়নী পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব কুন্ডু বলেন, “ব্রিটিশ আমলে সতীশ চন্দ্র মাঝির হাতে রোপিত মুদি দোকানির সেই ক্ষুদ্র বীজটি আজ মহিরূহে পরিণত হয়ে সর্বজনীন উৎসবে রূপ নিয়েছে। মাগুরার এই ঐতিহ্য দেখতে দেশ-বিদেশ থেকে প্রায় ৫ লাখ মানুষের সমাগম ঘটবে বলে আমরা আশাবাদী।”
এদিকে, উৎসবের সার্বিক আইনশৃঙ্খলা ও দর্শনার্থীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নজিরবিহীন ও কঠোর প্রস্তুতি। মাগুরার পুলিশ সুপার মোলা আজাদ হোসেন (পিপিএম) জানান, পূজাকে কেন্দ্র করে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশ প্রশাসন অত্যন্ত তৎপর রয়েছে। সিসি ক্যামেরা ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। আশা করা হচ্ছে, সকলের সম্মিলিত সহযোগিতায় অত্যন্ত শান্তিপূণ ও উৎসবমুখর পরিবেশে মাগুরার এই ঐতিহ্যবাহী কাত্যায়নী পূজা সম্পন্ন হবে। ছবি প্রতিবেদক।

