বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর কলাপাড়ায় ক্লাসে পাঠদান চলাকালীন অবস্থায় আকস্মিকভাবে অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে অন্তত ১০ জন শিক্ষার্থী একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে।
আজ বুধবার (৭ অক্টোবর ২০২৬) দুপুর দেড়টার দিকে উপজেলার চাকামাইয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী বেতমোর মাধ্যমিক বিদ্যালয়ে এ অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে।
পরবর্তীতে বিকেল সাড়ে তিনটার দিকে অসুস্থ শিক্ষার্থীদের দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে ভর্তি করা হয়।
বিজ্ঞাপন
এর আগে গত ৩০ সেপ্টেম্বর উপজেলার চম্পাপুর ইউনিয়নের এমইউ মাধ্যমিক বিদ্যালয়েও একইভাবে প্রায় অর্ধশত শিক্ষার্থী গণ-অসুস্থতায় আক্রান্ত হয়েছিল। সপ্তাহ না পেরোতেই ফের একই ধরণের ঘটনার পুনরাবৃত্তিতে স্থানীয় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মাঝে নতুন করে চরম ভয় ও আতঙ্ক চেপে বসেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বেতমোর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুল্লাহ জানান, দুপুর দেড়টার দিকে দশম শ্রেণিতে পাঠদান চলাকালীন জাকিয়া নামের এক ছাত্রী হঠাৎ তীব্র পেট ব্যথা, পায়ে ঝিঁ ঝিঁ ধরা ও মারাত্মক শ্বাসকষ্ট অনুভব করে অসুস্থ হয়ে পড়ে। তাকে প্রাথমিক সেবা দেওয়ার মুহূর্তেই একে একে শ্রেণিকক্ষের আরও ৯ জন ছাত্রী একইভাবে একই উপসর্গে অসুস্থ হয়ে ঢলে পড়ে। অসুস্থদের সবাই ষষ্ঠ থেকে দশম শ্রেণির ছাত্রী।
কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. পলি সাহা জানান, “অসুস্থ শিক্ষার্থীদের লক্ষণ দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা ‘মাশ সাইকোজেনিক হাইপারভেন্টিলেশন’ (Mass Psychogenic Illness) নামক রোগে আক্রান্ত হয়েছে। এটি মূলত মানসিক ও আতঙ্কের ভীতি থেকে ছড়ায়। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন সবাই আশঙ্কামুক্ত রয়েছে।” ছবি প্রতিবেদক।
