বাগেরহাট প্রতিনিধি:
প্রতিনিধি সদর পৌরসভার নাগেরবাজার ও ঐতিহ্যবাহী হযরত খাঁন জাহান আলী (রাঃ)-এর মাজার এলাকায় বিশেষ ও যৌথ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র এবং জাল টাকাসহ ১১ জন আসামিকে গ্রেপ্তার করেছে বাগেরহাট জেলা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
বিজ্ঞাপন
গত বুধবার (২৬ আগস্ট ২০২৬) বাগেরহাট জেলা পুলিশ ও ডিবির একটি চৌকস দল নাগেরবাজার ও এর আশেপাশের সমস্ত যাতায়াতের পথ পুরোপুরি অবরুদ্ধ (ব্লকেড) করে এই বিশেষ অভিযান পরিচালনা করে। স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে সন্দেহভাজন মাদক ব্যবসায়ী ও বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের দেহ এবং বসতঘরে গভীর তল্লাশি চালানো হয়।
বিজ্ঞাপন
নাগেরবাজারের অভিযানে গ্রেপ্তারকৃত ৮ জন আসামি হলেন—বিষ্ণু রবি দাস (৩৫), পল্টু রবি দাস (৩৫), জয় রবি দাস (২৫), মোঃ রিফাত (২৪), সিরাজ (২০), বিপ্লব মিস্ত্রী (৩৬), নিমাই সাহা (৪০) এবং পলি (৪৫)। তাদের হেফাজত থেকে ৩১৫ পিস ইয়াবা ট্যাবলেট, ২০০ গ্রাম ওজনের ১৪০ পুরিয়া গাঁজা, ৪ লিটার চোলাই মদ এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত ৫৫টি ছুরি উদ্ধার করা হয়।
অন্যদিকে, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক পরিচালিত পৃথক একটি অভিযানে হযরত খাঁন জাহান আলী (রাঃ)-এর মাজার সংলগ্ন পুকুর পাড় এলাকা থেকে ১,০০০ টাকা মূল্যমানের মোট ৯০টি জাল নোট (সর্বমোট ৯০,০০০ টাকা) সহ আরও ৩ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—মোঃ আকলাস ভুইয়া (৫৫), আশিকুর রহমান মোল্লা (২৩) ও মোঃ শিবলু ফকির (২৪)।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত সকল আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করার প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। ছবি সংগৃহীত।


