বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাট জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) জনাব মো: আলী হোসেন ফকির বিপিএম-এর প্রধান অতিথি হিসেবে উপস্থিতিতে জেলা পুলিশের আয়োজনে একটি বিশেষ কল্যাণ সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৫ অক্টোবর ২০২৬ তারিখে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে এই গুরুত্বপূর্ণ কর্মসূচিগুলো সম্পন্ন হয়।
দিনব্যাপী আয়োজিত এসব কর্মসূচির শুরুতে সকাল ৯টা ৫০ মিনিটে বাগেরহাট পুলিশ লাইন্সে একটি চৌকস পুলিশ দল আইজিপিকে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার প্রদান করে। এরপর তিনি পুলিশ লাইন্স চত্বরে একটি বৃক্ষ রোপণ করেন। পরবর্তীতে সকাল ১০টায় জেলা পুলিশ লাইন্সে কমিউনিটি পুলিশিং সংক্রান্ত সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
উক্ত কল্যাণ সভা ও সুধী সমাবেশে সভাপতিত্ব করেন বাগেরহাট জেলার পুলিশ সুপার জনাব মো: জামিরুল ইসলাম। অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি জনাব মো: রেজাউল করিম। এছাড়াও বাগেরহাটের জেলা প্রশাসক জনাব গোলাম মোঃ বাতেন, বিভিন্ন জেলার পুলিশ সুপারগণ, বাগেরহাট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারগণ, সহকারী পুলিশ সুপারসহ বিভিন্ন পদবির অফিসার, বিভিন্ন ইউনিটের ফোর্স সদস্যবৃন্দ এবং কমিউনিটি পুলিশিংয়ের বিশিষ্ট সদস্য ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
পুলিশ লাইন্স ড্রিল শেডে অনুষ্ঠিত বিশেষ কল্যাণ সভায় সম্মানিত আইজিপি মহোদয় পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা, নিষ্ঠা ও শৃঙ্খলার সাথে অর্পিত দায়িত্ব পালনের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। সাধারণ মানুষের সাথে আরও আস্থার ও আতিথেয়তার সম্পর্ক তৈরি করে প্রকৃত অর্থে ‘জনবান্ধব পুলিশিং’ নিশ্চিত করার ওপর তিনি বিশেষ জোর দেন। এ সময় সভায় উপস্থিত পুলিশ সদস্যদের বিভিন্ন কল্যাণমূলক বিষয়, সুযোগ-সুবিধা এবং তাদের পেশাগত বিভিন্ন সমস্যা ও প্রতিকূলতার কথা অত্যন্ত আন্তরিকতার সাথে শোনা হয় এবং তাৎক্ষণিক সমাধান ও যথাযথ পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেওয়া হয়। এই সভা জেলা পুলিশের প্রতিটি সদস্যের মাঝে নতুন উদ্দীপনা, কর্মস্পৃহা ও দেশপ্রেমের অনন্য প্রেরণা জুগিয়েছে।
পরবর্তীতে অনুষ্ঠিত কমিউনিটি পুলিশিং সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আইজিপি ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এই দর্শনকে সামনে রেখে পুলিশ ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় অপরাধমুক্ত, শান্তিপূর্ণ ও নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার উদাত্ত আহ্বান জানান। তিনি বলেন, মাদক নির্মূল, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, আইনশৃঙ্খলা রক্ষা এবং সাইবার অপরাধ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কমিউনিটি পুলিশিং সদস্যদের অত্যন্ত সক্রিয় ভূমিকা রাখতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহত থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আধুনিক ও জনবান্ধব পুলিশিং ব্যবস্থা গড়ে তুলতে প্রযুক্তির কার্যকর ব্যবহার এবং পুলিশ-জনগণের পারস্পরিক আস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার জনাব মো: জামিরুল ইসলাম পুলিশ ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় একটি নিরাপদ বাংলাদেশ এবং শান্তিপূর্ণ, বাসযোগ্য বাগেরহাট গড়ে তোলার প্রত্যয়ে কমিউনিটি পুলিশিংয়ের সকল সদস্যকে নিজ নিজ এলাকায় অপরাধ প্রতিরোধ ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান এবং আইজিপিকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানান।
সমাবেশ শেষে আইজিপি সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিংয়ে অংশগ্রহণ করেন এবং তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এ সময় তিনি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স এবং কিশোর গ্যাংসহ সব ধরনের অপরাধ দমনে কমিউনিটি পুলিশিংয়ের জোরালো ভূমিকার ওপর পুনরায় গুরুত্বারোপ করেন। ছবি সংগৃহীত।

