স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর শহরের ঝুমঝুমপুর এলাকায় অভিযান চালিয়ে ২৭ হাজার পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ মোঃ সিরাজুল ইসলাম রিপন (৩৭) নামের এক মাদক কারবারিকে আটক করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।
বিজ্ঞাপন
আজ রবিবার (৩০ আগস্ট ২০২৬) দুপুর ২:৪৫ ঘটিকায় কোতোয়ালী থানাধীন ঝুমঝুমপুর আদর্শপাড়া এলাকার এ্যাডভোকেট রোকনুজ্জামানের বাড়ির সামনের কাঁচা রাস্তার ওপর থেকে তাঁকে আটক করা হয়।
বিজ্ঞাপন
আটককৃত আসামি মোঃ সিরাজুল ইসলাম রিপন যশোর জেলার শার্শা থানার বাদে নাভারণ (পশ্চিম পাড়া) এলাকার মোঃ নজরুলের ছেলে। বর্তমানে তিনি শার্শার বুরুজবাগান তালতলা এলাকায় আব্দুল মালেকের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, কোতোয়ালী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোঃ সাইফুল ইসলাম ও এসআই মোঃ আবদুল্লাহ আল মামুন সঙ্গীয় সংগৃহীত ফোর্স নিয়ে এলাকা টহল ও অভিযান পরিচালনা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে রিপনকে আটক করা হয়। পরে তাঁর সঙ্গে থাকা একটি কালো রঙের স্কুল ব্যাগ তল্লাশি করে ভেতরে লুকানো অবস্থায় ২৭,০০০ (সাতাশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
যশোর জেলা পুলিশ জানিয়েছে, সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের প্রত্যক্ষ নির্দেশনায় জেলায় মাদকমুক্ত পরিবেশ গঠনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। আটককৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। ছবি সংগৃহীত।


