রফিক মন্ডল ও মাসুদ রানা, ঝিনাইদহ :
জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে অসামান্য অবদান, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার স্বীকৃতিস্বরূপ সম্মাননা লাভ এবং ঝিনাইদহের সুপ্রাচীন আঞ্চলিক ভাষা ও ঐতিহ্য রক্ষায় গঠিত সংগঠনের সভাপতি নির্বাচিত হয়ে জোড়া সাফল্য অর্জন করেছেন ঝিনাইদহের জ্যেষ্ঠ সাংবাদিক আসিফ ইকবাল কাজল।
খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থার প্রতিনিধি ও সাবেক তুখোড় ফুটবলার আসিফ ইকবাল কাজলকে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে অবদান এবং দীর্ঘদিনের বস্তুনিষ্ঠ সাংবাদিকতার স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননায় ভূষিত করেছে বাংলাদেশ আর্চারি ফেডারেশন ও ওয়ার্ল্ড আর্চারি এশিয়া। গত শনিবার (১৫ আগস্ট ২০২৬) বিকেলে রাজধানীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত বাংলাদেশ আর্চারি ফেডারেশনের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে এই সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থার একমাত্র মনোনীত কাউন্সিলর হিসেবে তিনি এই সভায় অংশ নেন।
সম্মাননা পাওয়ার পর প্রতিক্রিয়ায় আসিফ ইকবাল কাজল বলেন, যেকোনো জাতীয় বা আন্তর্জাতিক স্বীকৃতি কাজের প্রতি দায়িত্ববোধ আরও বাড়িয়ে দেয়। এই অর্জন ঝিনাইদহের পুরো ক্রীড়াঙ্গন ও সাংবাদিক সমাজের জন্য অত্যন্ত গৌরবের।
বিজ্ঞাপন
এদিকে ঝিনাইদহ অঞ্চলের ঐতিহ্যবাহী আঞ্চলিক ভাষা, স্থানিক সাহিত্য এবং সুপ্রাচীন সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও প্রসারের লক্ষ্যে গঠিত ‘ঝিনেদার আঞ্চলিক ভাষা ফাউন্ডেশন’-এর ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যকরী কমিটি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে। “ভাষায় শেকড়, সংস্কৃতিতে গর্ব”—এই মূলনীতিকে সামনে রেখে গঠিত সর্বসম্মতিক্রমে অনুমোদিত এই নতুন কমিটিতে আসিফ ইকবাল কাজল সভাপতি এবং মো. তরিকুল ইসলাম মিঠু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সংগঠনের নবগঠিত এই পরিষদে মো. মোরশেদ আলম, মো. মোবাশ্বের হোসেন, ফাহিম আহমেদ ফাহিম, হাদিউজ্জামান জুয়েল এবং মো. মোবারক আলীকে নিয়ে ৫ সদস্যের বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে।
একদিকে জাতীয় পর্যায়ে বিশেষ সম্মাননা লাভ এবং অন্যদিকে আঞ্চলিক সংস্কৃতির ধারক সংগঠনের শীর্ষ দায়িত্ব প্রাপ্তিতে ঝিনাইদহের সাংবাদিক, ক্রীড়া, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে চরম আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় সুধীজন তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
ছবি সংগৃহীত।

