স্ফুলিঙ্গ রিপোর্ট :
জাতীয় সংসদে সমস্যার সমাধান না হলে চলমান সাত দফা আন্দোলন শেষ পর্যন্ত সরকার পতনের এক দফায় রূপান্তরিত হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
আজ শনিবার (৩১ অক্টোবর ২০২৬) সন্ধ্যায় ১১ দলীয় জোটের লংমার্চ চলাকালে যশোরের মুড়লী মোড়ে আয়োজিত এক বিশাল পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
পথসভায় ডা. শফিকুর রহমান বলেন, সরকারকে আমরা উপযুক্ত সময় দিতে চাই। আমরা জাতীয় সংসদে বসেই গণভোটের গণরায় বাস্তবায়ন এবং জুলাই হত্যাকাণ্ডের দ্রুত বিচার কার্যক্রম সম্পন্নসহ ঘোষিত সাত দফা দাবির স্থায়ী সমাধান করতে চাই। কিন্তু সরকার যদি সংসদকে কার্যকর না করে তবে আবারও দেশের সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে নতুন গণবিপ্লবের ডাক দেওয়া হবে। সরকারকে হুঁশিয়ার করে তিনি বলেন, প্রয়োজনে সরকার পতনের এক দফার আন্দোলনের ডাক দিতে আমাদের বাধ্য করবেন না।
বিজ্ঞাপন
প্রায় ৩০ হাজার মানুষের উপস্থিতিতে আয়োজিত এই পথসভাটি একপর্যায়ে বিশাল জনসভায় রূপ নেয়। সভায় জোটের কেন্দ্রীয় ও আঞ্চলিক শীর্ষ নেতারা বক্তব্য রাখেন। জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, হাসনাত আবদুল্লাহ এমপি, এনসিপির যুগ্ম সদস্য সচিব সাঈদ মোস্তাফিজ, মুস্তাফিজুর রহমান ইরান, প্রকৌশলী রাশেদ প্রধান, এলডিপির বিল্লাল হোসেন নিয়াজী, বিডিপির চেয়ারম্যান আনোয়ার হোসেন চান এবং মুফতি শরাফত হোসেন স্ব স্ব বক্তব্যে জোটের গণদাবির সমর্থনে বক্তব্য তুলে ধরেন।
এছাড়াও পথসভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন এমপি ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, এমপি মাওলানা মোক্তার আলী, এমপি মাওলানা আজিজুর রহমান, এমপি অ্যাডভোকেট এনামুল হক, ডাকসুর ভিপি সাদিক কায়েম, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর, চাকসুর ভিপি ইব্রাহিম রনি, ডাকসুর জিএস এস এম ফরহাদ এবং এনসিপির জেলা সাংগঠনিক সম্পাদক সালমা আক্তার আশাসহ ১১ দলীয় জোটের অন্যান্য নেতৃবৃন্দ।
এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে লংমার্চের গাড়িবহর শিল্পশহর নওয়াপাড়ায় পৌঁছালে সেখানে উপস্থিত হাজার হাজার নেতাকর্মী আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে উষ্ণ অভ্যর্থনা ও স্বাগত জানান। নওয়াপাড়ায় আয়োজিত এক সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য শেষে সন্ধ্যা ৬টায় লংমার্চের গাড়িবহর যশোর শহরের মুড়লী মোড়ের মূল পথসভাস্থলে এসে পৌঁছায়।
যশোরের পথসভা ও সমাপনী বক্তব্য শেষে জামায়াত আমিরের নেতৃত্বে লংমার্চের সুদীর্ঘ গাড়িবহর শহরের মণিহার, বারান্দীপাড়া, শেখহাটি হাইকোর্ট মোড়, নতুন উপশহর খাজুরা বাস স্ট্যান্ড, পালবাড়ি, চুড়ামনকাটি এবং সাতমাইল হয়ে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার উদ্দেশ্যে রওনা হয়। লংমার্চ অতিক্রমকালে রাস্তার দুই ধারে দাঁড়িয়ে থাকা শত শত নারী-পুরুষ হাত নেড়ে বহরটিকে স্বতঃস্ফূর্তভাবে স্বাগত জানান। ছবি সংগৃহীত।

