স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরের বেনাপোলে ইউনিয়ন ছাত্রদলের এক শীর্ষ নেতাকে পথরোধ করে জোরপূর্বক অপহরণের চেষ্টা এবং প্রাণনাশের হুমকি দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) রাতে ভুক্তভোগী ইয়াকুব আলী বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের অভিযুক্ত করে বেনাপোল পোর্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন, যার নম্বর ১১৯৫।
জিডি সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ইয়াকুব আলী বেনাপোল ইউনিয়ন ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করছেন। গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে তিনি ছোটআঁচড়া এলাকা থেকে একটি ইজিবাইকে চড়ে নিজ গ্রাম কাগজপুকুরের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে দিড়িরপাড় এলাকায় পৌঁছালে ৫ থেকে ৭ জনের একদল অজ্ঞাত ব্যক্তি চলন্ত ইজিবাইকটির গতিরোধ করে। একপর্যায়ে তারা ইয়াকুব আলীকে জোরপূর্বক টেনেহিঁচড়ে অপহরণের চেষ্টা চালায় এবং মারাত্মক ভয়ভীতি প্রদর্শনসহ প্রাণনাশের হুমকি দিতে থাকে। এ সময় ইজিবাইকে থাকা অন্য যাত্রীরা সাহসিকতার সাথে বাধা দিলে অভিযুক্ত দুষ্কৃতকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে কেটে পড়ে।
ঘটনার বিষয়ে ভুক্তভোগী ছাত্রদল নেতা ইয়াকুব আলী জানান, উক্ত ঘটনার পর থেকে তিনি ও তাঁর পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং যেকোনো মুহূর্তে তাঁর ওপর বড় ধরনের হামলা বা ক্ষতির আশঙ্কা করছেন। নিজের এবং পরিবারের নিরাপত্তা সুনিশ্চিত করার পাশাপাশি অভিযুক্তদের দ্রুত শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তিনি পুলিশ প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শহীদ তিতুমীর জানান, জীবনের নিরাপত্তা ও হুমকি প্রদর্শনের বিষয়ে ইয়াকুব আলী নামের এক ছাত্রদল নেতা থানায় একটি সাধারণ ডায়েরি লিপিবদ্ধ করেছেন। পুলিশ ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।ছবি সংগৃহীত।
