স্ফুলিঙ্গ ডেক্স :
মাদকাসক্তির ভয়াল গ্রাস ও অর্থের লালসা যে কতটা নৃশংস রূপ নিতে পারে, তার আরেকটি মর্মান্তিক উদাহরণ দেখল গাজীপুরের শ্রীপুর উপজেলার মানুষ। মাদক কেনার জন্য নগদ অর্থের বায়না ধরে ব্যর্থ হয়ে আপন পিতার মাথায় ও বুকে উপর্যুপরি লাঠির আঘাত করে তাঁর প্রাণ কেড়ে নিয়েছে এক লম্পট ও মাদকাসক্ত পুত্র।
রোববার (২৬ অক্টোবর ২০২৬) ভোর রাতের দিকে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের সাইটালিয়া গ্রামে এই হৃদয়বিদারক ও পৈশাচিক হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে।
নিহত পিতার নাম আব্দুস সামাদ। অন্যদিকে এই ঘৃণ্য ঘটনার মূল অভিযুক্ত ঘাতক পুত্রের নাম আনোয়ার। ঘটনার পরপরই সে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যাওয়ায় পুলিশ এখনো তাকে আটক করতে পারেনি।
বিজ্ঞাপন
স্থানীয় এলাকাবাসী ও পারিবারিক সূত্র থেকে জানা যায়, ঘটনার দিন গভীর রাতে নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফেরেন আনোয়ার। ঘরে ঢুকেই সে বিভিন্ন বিষয়ে পরিবারের সদস্যদের সাথে উচ্চবাচ্য ও অসৌজন্যমূলক আচরণ শুরু করে। পরিস্থিতি ক্রমান্বয়ে উত্তপ্ত হয়ে উঠলে পরিবারকে শান্ত করার উদ্দেশ্যে প্রবীণ পিতা আব্দুস সামাদ নিজে এগিয়ে আসেন এবং পুত্রকে নিবৃত্ত করার চেষ্টা চালান।
এ সময় অভিযুক্ত আনোয়ার তার বাবার কাছে মাদক কেনার জন্য তাৎক্ষণিক টাকা দাবি করে বসে। পিতা তার এহেন অনৈতিক আবদারে সাফ অস্বীকৃতি জানালে ক্ষোভে ফেড়ে পড়ে ওই তরুণ। মুহূর্তের মধ্যে সে তার বাবার ওপর চড়াও হয়ে মারমুখী হয়ে ওঠে। একপর্যায়ে হাতে থাকা লাঠি দিয়ে প্রথমে পিতার মাথায় এলোপাতাড়ি আঘাত করা হয় এবং পরবর্তীতে নিহতের বুকে উপর্যুপরি আঘাত করে তার মৃত্যু নিশ্চিত করে ঘাতক পুত্র।
পরিবারের অন্যান্য সদস্য ও স্থানীয়দের সহায়তায় রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় আব্দুস সামাদকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ভোরের আলো ফুটতেই এই খবর চারদিকে ছড়িয়ে পড়লে পুরো এলাকায় তীব্র শোক ও চরম ক্ষোভের সৃষ্টি হয়।
হত্যাকাণ্ডের খবর পাওয়ার সাথে সাথেই শ্রীপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে।
পুরো বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানিয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম গণমাধ্যমকে জানান, খবর পাওয়া মাত্রই পুলিশ নিহতের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের উদ্দেশ্যে সংশ্লিষ্ট মর্গে প্রেরণ করেছে। ঘটনার পর থেকে পলাতক থাকা অভিযুক্ত ঘাতক আনোয়ারকে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশি জোরালো অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে নিশ্চিত করেন এই পুলিশ কর্মকর্তা। ছবি সংগৃহীত।

