বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
‘মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল জীবন গড়ি’— এই স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়ায় জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬’।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৪টায় কলাপাড়া উপজেলা প্রশাসন মাঠে কলাপাড়া থানা পুলিশের উদ্যোগে ঐতিহ্যবাহী এই খেলাটির আয়োজন করা হয়।
প্রতিযোগিতার ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে লাল ও নীল দল। চরম উত্তেজনা ও দর্শনীয় কায়দায় খেলা চলাকালে নীল দল ৪৩ পয়েন্ট এবং লাল দল ২৮ পয়েন্ট সংগ্রহ করে। ফলে ১৫ পয়েন্টের স্পষ্ট ব্যবধানে জয় হাসিল করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে নীল দল। খেলা শেষে বিজয়ী ও বিজিত খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়।
বিজ্ঞাপন
কলাপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. জাকির হোসেনের সভাপতিত্বে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. হুমায়ুন কবির, প্রভাষক আবু তালেব ইভান মাতুব্বর এবং বিশিষ্ট ক্রীড়াবিদ কল্লোল বিশ্বাস। ম্যাচটি পরিচালনা করেন মো. নিজাম উদ্দিন ও আব্দুল জব্বার তালুকদার।
ঐতিহ্যবাহী গ্রামের এই প্রিয় খেলাটি উপভোগ করতে বিকেল থেকেই কলাপাড়া উপজেলা প্রশাসন মাঠে উৎসুক দর্শকদের ঢল নামে। খেলা শুরুর আগেই মাঠের চারপাশ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে এবং পুরো এলাকা ক্রীড়াপ্রেমীদের আনন্দে মুখরিত হয়।
ছবি প্রতিবেদক।

