মাগুরা প্রতিনিধি:
যশোর-মাগুরা মহাসড়কের শালিখা উপজেলার শতখালী এ. আর জুটমিলের সামনে গভীর রাতে ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে সজোরে ধাক্কা খেয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) আনুমানিক রাত ৩টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
এতে দূরপাল্লার হানিফ পরিবহনের চালকসহ অন্তত বেশ কয়েকজন যাত্রী মারাত্মকভাবে আহত হয়েছেন। আহতদের মধ্যে অন্তত একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গেছে।
বিজ্ঞাপন
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে খুলনাগামী দ্রুতগতির হানিফ পরিবহনের বাসটি শতখালী এ. আর জুটমিলের সমুখভাগ অতিক্রম করার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সড়কের পাশে থাকা একটি বড় গাছের সঙ্গে প্রচণ্ড গতিতে আছড়ে পড়ে। বিকট শব্দ শুনে জুটমিলের নৈশপ্রহরী ও স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং দুমড়ে-মুচড়ে যাওয়া বাসের ভেতর থেকে রক্তাক্ত অবস্থায় আহত যাত্রীদের উদ্ধারকাজ শুরু করেন।
পরবর্তীতে খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযানে অংশ নেন।
আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় একজনকে মাগুরা সদর হাসপাতালে এবং অপর এক যাত্রীকে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আহত আরও বেশ কয়েকজন যাত্রীকে চিকিৎসার জন্য পাশেই অবস্থিত স্থানীয় ফাতেমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিস ও থানা পুলিশ দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে মহাসড়ক থেকে অপসারণ করে যান চলাচল স্বাভাবিক করেছে। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ ও চালকের অসাবধানতা ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শালিকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব আশিক। ছবি সংগৃহীত।
