স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী পৃথক বিশেষ অভিযান চালিয়ে দুই চোরাকারবারিকে গ্রেপ্তার এবং বিপুল পরিমাণ ভারতীয় মালামাল ও মাদকদ্রব্য জব্দ করেছে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)। উদ্ধারকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ১৮ লাখ ৩০ হাজার ১৫০ টাকা।
বুধবার (২৮ অক্টোবর ২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধীনস্থ কাশিপুর বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোষ্টের বিশেষ টহলদল সীমান্ত সংলগ্ন বিভিন্ন স্পর্শকাতর স্থানে এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা গেছে, নিয়মিত সীমান্ত সুরক্ষার অংশ হিসেবে বুধবার সীমান্ত ও চেকপোস্ট এলাকায় কঠোর তদারকি চালানো হয়। এ সময় বিজিবির টহলদলের অভিযানে দুইজন আসামিকে হাতেনাতে আটক করা হয়। একই সঙ্গে তাদের হেফাজত থেকে ভারতীয় ১৯ বোতল নেশাজাতীয় উইনসেরেক্স কফ সিরাপ (WINCEREX COUGH SYRUP), ১০৯টি শাড়ী, ৫টি থ্রি-পিস, ১০টি চাদর, ১০০টি চকলেট, ১০টি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন, নগদ ২০ হাজার ৫০০ বাংলাদেশী টাকা এবং ৬২৪টি বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়।
বিজ্ঞাপন
৪৯ বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকা দিয়ে যেকোনো ধরনের মাদক ও চোরাচালানি মালামাল অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ রোধে বিজিবির কঠোর ও সতর্ক অবস্থান অব্যাহত রয়েছে। আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ এবং জব্দকৃত মালামাল ও মাদকদ্রব্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ছবি সংগৃহীত।

