স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরের সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১২ লাখ টাকার বিভিন্ন প্রকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অধীন বেনাপোল আইসিপি ক্যাম্পের একটি টহলদল সীমান্তবর্তী এলাকায় সফল এই অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা গেছে, জব্দ করা ভারতীয় অবৈধ মালামালের আনুমানিক বাজারমূল্য ১১ লাখ ৮৮ হাজার ২০০ টাকা। চোরাচালান চক্রের অবৈধ প্রবেশের সময় উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে— ১০৭ পিস ভারতীয় শাড়ি, ১টি কম্বল, ১৩ পিস চাদর, ১৫ প্যাকেট ফুচকা, ১ কেজি কিসমিস, ২৪১ পিস বিভিন্ন ব্রান্ডের চকলেট এবং ২৪৫ পিস প্রসাধনী সামগ্রী।
অভিযানের বিষয়ে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি গণমাধ্যমকে জানান, সীমান্তবর্তী এলাকায় মাদকদ্রব্য চোরাচালান রোধ এবং অবৈধ পাচার চক্রের সদস্যদের পাকড়াও করতে কঠোর গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় পরিচালিত এই অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। সীমান্ত এলাকার নিরাপত্তা রক্ষা ও চোরাচালান চিরতরে নির্মূল করতে বিজিবির এমন কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।ছবি সংগৃহীত।
বিজ্ঞাপন

