বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
আদালতে মামলা বিচারাধীন এবং সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা জারি থাকা জমি জবরদখলে সরাসরি প্রত্যক্ষ সহযোগিতার গুরুতর অভিযোগে পটুয়াখালীর কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমানকে দলীয়ভাবে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ পাঠিয়েছে জেলা বিএনপি। একই সাথে অভিযোগের বিষয়ে পটুয়াখালী জেলা দলীয় কার্যালয়ে সশরীরে হাজির হয়ে লিখিতভাবে জবাব জমা দেওয়ার জন্য তাকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
আজ শনিবার (৩ অক্টোবর ২০২৬) পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ মজিবুর রহমান টোটনের যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মতিউর রহমান হাওলাদারকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদানের তাগিদ দেওয়া হয়।
জেলা বিএনপির নোটিশে স্পষ্টভাবে উল্লেখ করা হয়, বিজ্ঞ আদালতের বিচারপ্রক্রিয়া চলমান ও নিষেধাজ্ঞা বলবৎ থাকা সত্ত্বেও বিতর্কিত জমি দখলের পেছনে উক্ত বিএনপি নেতার ইন্দন ও সহযোগিতার সুনির্দিষ্ট তথ্য উঠে এসেছে। পাশাপাশি ওই বিরোধীয় জমি নিয়ে দলীয় প্রভাব খাটিয়ে একতরফা সালিশ-বিচার পরিচালনা এবং একটি পক্ষকে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি প্রদানের বিষয়টি জেলা নেতৃত্বের নজরে এসেছে, যা নিয়ে ইস্যুকৃত একটি চিঠি ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
বিজ্ঞাপন
দলীয় হাইকমান্ড থেকে জানানো হয়, আদালতের বিচারাধীন বিষয়ে হস্তক্ষেপ করে দলীয় ব্যানারে বিচারকার্য পরিচালনা করা চরম শৃঙ্খলাভঙ্গ, নীতিবহির্ভূত আচরণ এবং রাজনৈতিক ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন করার সামিল। এই ঘটনাকে অত্যন্ত গুরুতর অপরাধ হিসেবে গণ্য করে কেন তার বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তার ব্যাখ্যা চাওয়া হয়েছে।
উল্লেখ্য, ইতিপূর্বে কুয়াকাটা পৌর বিএনপির পক্ষ থেকে স্বাক্ষরিত একটি নোটিশে উক্ত জমি বিরোধের নিষ্পত্তি ও তথাকথিত বিচারের লক্ষ্যে সংশ্লিষ্ট পক্ষকে প্রয়োজনীয় দলিলপত্র, সাক্ষী ও প্রমাণাদিসহ দলীয় কার্যালয়ে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন মতিউর রহমান। উক্ত নোটিশে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল যে, নির্ধারিত সময়ে উপস্থিত না হলে অনুপস্থিতিতেই একতরফা সিদ্ধান্ত গ্রহণসহ আইনি পদক্ষেপ নেওয়া হবে।
জেলা বিএনপি এই ধরনের সমান্তরাল বিচার ব্যবস্থা পরিচালনা ও দলীয় এখতিয়ার বহির্ভূত নোটিশ সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হওয়াকে সম্পূর্ণরূপে দলীয় গঠনতন্ত্রের পরিপন্থী বলে আখ্যা দিয়েছে। অভিযুক্ত নেতার লিখিত জবাব পাওয়ার পর জেলা কমিটি পরবর্তী চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে বলে জানা গেছে। ছবি সংগৃহীত।

