শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের শরণখোলায় একটি ভাড়া বাসা থেকে শান্তা আক্তার জুই (৩০) নামের এক প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকেই ওই নারীর সঙ্গে স্বামী পরিচয়ে বাসায় বসবাসকারী এক ব্যক্তি উধাও রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নিহত শান্তা আক্তার জুই শরণখোলা উপজেলার পশ্চিম রাজাপুর গ্রামের কুয়েতপ্রবাসী আনোয়ার হাওলাদারের স্ত্রী। দাম্পত্য জীবনে তাঁদের ১১ বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।
গত শনিবার (১৭ অক্টোবর ২০২৬) রাত ১০টার দিকে শরণখোলা উপজেলার রায়েন্দা ইউনিয়নের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসংলগ্ন এলাকার একটি ভাড়া বাসা থেকে পুলিশ ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে।
স্থানীয় বাসিন্দারা পুলিশকে জানান, স্বামী প্রবাসে থাকার সুবাদে জুইয়ের সঙ্গে অন্য এক যুবকের পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সুবাদে ওই যুবকের সঙ্গে তিনি রায়েন্দা বাজারের একটি ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন। ঘটনার পর থেকে ওই ব্যক্তির কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। তবে তাঁর আসল পরিচয় এবং এই মৃত্যুর সঙ্গে তাঁর কোনো সরাসরি সম্পৃক্ততা রয়েছে কি না, তা নিয়ে এখনো নিশ্চিত করে কিছু বলতে পারছে না পুলিশ।
বিজ্ঞাপন
বাসার মালিক মো. ফরিদ হোসেন জানান, গত ৫ অক্টোবর শান্তা আক্তার জুই ও তাঁর সঙ্গে থাকা ওই ব্যক্তি নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে বাসাটি ভাড়া নিয়েছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে নিশ্চিত হওয়া যাবে। একই সঙ্গে ঘটনার পর থেকে পলাতক থাকা ওই ব্যক্তির প্রকৃত পরিচয় শনাক্তকরণ ও গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। ছবি সংগৃহীত।

