বাগেরহাট প্রতিনিধি :
তারিখ: ৫ নভেম্বর ২০২৬
আজ সরকারি সফরে হেলিকপ্টারযোগে বাগেরহাটের মোংলায় এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার (০৫ নভেম্বর ২০২৬) সকাল ৯টা ৫০ মিনিটে তিনি মোংলায় পৌঁছান। এর আগে সকাল ৯টায় তিনি রাজধানী ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে মোংলার উদ্দেশে রওনা হয়েছিলেন।
মোংলায় অবতরণের পর প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এমপি, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এমপি, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এমপি, নৌপরিবহন ও সেতু প্রতিমন্ত্রী রাজীব আহসান, খুলনা-৫ আসনের সংসদ সদস্য আলী আসগর লবি এবং খুলনা-৪ আসনের সংসদ সদস্য এস কে আজিজুল বারী হেলাল।
বিজ্ঞাপন
প্রধানমন্ত্রীর এই সফরে তাঁর সফরসঙ্গী হিসেবে রয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম এমপি, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুস সামাদ চৌধুরী, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল গোলাম আরিকুল আলম, প্রটোকল অফিসার কামরুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর এডিসি স্কোয়াড্রন লিডার সৈয়দ নাজমুল হোসেন।
নির্ধারিত সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান আজ মোংলা বন্দরের সম্প্রসারণ ও আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি টাকা ব্যয়ে দুটি আধুনিক কনটেইনার জেটি নির্মাণ ও আনুষঙ্গিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
এছাড়া মোংলায় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ‘ইনভেস্ট বাংলাদেশ’ এবং ‘চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশন’ (সিআরসিসি)-এর মধ্যে দেশের অবকাঠামো ও শিল্প খাতের বিনিয়োগ সহযোগিতাবিষয়ক একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। মোংলার নির্ধারিত কর্মসূচি সম্পন্ন করার পর প্রধানমন্ত্রী বিশ্ব ঐতিহ্যবাহী হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করবেন।
মাজার জিয়ারত শেষে বিকেলে তিনি সড়কপথে খুলনা জেলা স্টেডিয়ামে উপস্থিত হয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। নির্ধারিত সব কর্মসূচি সফলভাবে শেষ করে আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রীর ঢাকায় ফিরে আসার কথা রয়েছে। : ছবি সংগৃহীত।
