বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি বিশেষ অভিযানে ১০ বোতল কোডিন মিশ্রিত অবৈধ মাদকদ্রব্য ‘উইন সিরেক্স’ (WINCEREX) সহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
গত সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট সদর মডেল থানাধীন ৫ নম্বর বারুইপাড়া ইউনিয়নের বারুইপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ডিবি’র একটি চৌকস টিম।
গ্রেপ্তারকৃত আসামির নাম মোঃ জাহিদ সরদার ওরফে হাসান (৪৩)। তিনি বাগেরহাট সদর মডেল থানার বারুইপাড়া গ্রামের মৃত মতলেব সরদারের ছেলে।
বিজ্ঞাপন
ডিবি পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে বারুইপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় জাহিদ সরদারকে আটক করে তার হেফাজত থেকে ১০ বোতল কোডিন মিশ্রিত অবৈধ কাফ সিরাপ ‘উইন সিরেক্স’ জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, উক্ত মাদকদ্রব্য অবৈধভাবে সীমান্ত এলাকা থেকে এনে স্থানীয়ভাবে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখা হয়েছিল। ঘটনায় জড়িত আসামির বিরুদ্ধে বাগেরহাট সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে। ছবি সংগৃহীত।
