সাতক্ষীরা প্রতিনিধি :
সাতক্ষীরার দেবহাটা উপজেলায় এক গৃহবধূর ঘরের ভেতর থেকে আপত্তিকর অবস্থায় শরিফুল ইসলাম মোড়ল (৪০) নামে স্থানীয় জামায়াতে ইসলামীর এক সক্রিয় কর্মীকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
বিজ্ঞাপন
গতকাল সোমবার (৩ আগস্ট ২০২৬) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দেবহাটা ইউনিয়নের টাউনশ্রীপুর উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আজ মঙ্গলবার (৪ আগস্ট) সকালে পুলিশের করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
বিজ্ঞাপন
আটক শরিফুল ইসলাম মোড়ল পার্শ্ববর্তী আজিজপুর গ্রামের মোজাম্মেল মোড়লের ছেলে। তিনি এলাকায় জামায়াতের একজন সক্রিয় কর্মী এবং স্থানীয়ভাবে ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক দায়িত্ব পালন করতেন বলে নিশ্চিত করেছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা যায়, টাউনশ্রীপুর এলাকার এক গৃহবধূর সাথে শরিফুল ইসলামের দীর্ঘদিনের পরকীয়া সম্পর্ক চলছিল। সোমবার রাতে গোপন সুযোগে ওই নারীর ঘরে প্রবেশ করেন শরিফুল। বিষয়টি টের পেয়ে স্থানীয় বাসিন্দারা একজোট হয়ে দ্রুত বাড়িটি ঘিরে ফেলেন। পরবর্তীতে বসতঘরের দরজা ভেঙে তারা ভেতরে প্রবেশ করে দুজনকে আপত্তিকর অবস্থায় দেখতে পান বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এ সময় দুজনকে ঘরের ভেতর আটকে রেখে তাৎক্ষণিক থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে পৌঁছে শরিফুল ইসলামকে নিজেদের হেফাজতে নিয়ে থানায় নিয়ে আসে।
এদিকে ঘটনার একটি ভিডিও দৃশ্য রাতেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে সমগ্র জেলাজুড়ে ব্যাপক তোলপাড় ও চর্চা শুরু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য বাবলুর রহমান জানান, এলাকাবাসী মধ্যরাত পর্যন্ত দুজনকে ঘরে আটকে রেখেছিল। শরিফুল জামায়াতের অতি সক্রিয় কর্মী হিসেবে পরিচিত।
এ বিষয়ে দেবহাটা ইউনিয়ন জামায়াতের ৭ নম্বর ওয়ার্ড সভাপতি আব্দুস সালাম মাস্টার জানান, শরিফুল ইসলাম তাঁদের সংগঠনের নিয়মিত কর্মী। ঘটনার বিষয়টি লোকমুখে শোনার কথা স্বীকার করে তিনি বলেন, অভিযোগের সত্যতা যাচাই সাপেক্ষে তাঁর বিরুদ্ধে কঠোর সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
ঘটনার নিশ্চিত করে দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম জানান, অনৈতিক কাজের অভিযোগে এক ব্যক্তিকে আটকে রাখার খবর পেয়ে পুলিশ তাঁকে হেফাজতে নেয়। আজ সকালে মামলা দায়েরের পর আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ছবি সংগৃহীত।

