বিশ্বাস শিহাব পারভেজ মিঠু (কলাপাড়া):
পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলার টিয়াখালী ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য রিয়াজ আকনের বসতবাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
বিজ্ঞাপন
গতকাল শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) গভীর রাতে উপজেলার টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামে এ ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাত দল গৃহকর্তা ও তাঁর স্ত্রীকে রশি দিয়ে হাত, পা ও মুখ বেঁধে জিম্মি করে সর্বস্ব লুট করে নিয়ে যায়।
বিজ্ঞাপন
ভুক্তভোগী রিয়াজ আকনের বাবা শহিদ আকন জানান, রাতে তিনি ও তাঁর স্ত্রী একসাথে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে অজ্ঞাতপরিচয় ডাকাত দল বাড়ির পেছনের দরজা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে। কিছু বুঝে ওঠার আগেই ডাকাতরা তাঁদের হাত, পা ও মুখ বেঁধে ফেলে এবং গলায় দেশীয় ও ধারালো অস্ত্র ঠেকিয়ে প্রাণনাশের হুমকি দেয়।
পরবর্তীতে ডাকাত দল ঘরের মালামাল তছনছ করে নগদ ৮৩ হাজার টাকা, প্রায় তিন ভরি ওজনের স্বর্ণালংকার, একটি এলইডিসিডি টিভি ও ব্লেন্ডার মেশিনসহ মূল্যবান সামগ্রী লুট করে চম্পট দেয়। এ ঘটনায় তিনি দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ডাকাতির বিষয়টি নিশ্চিত করে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে আলামত ও তথ্য-প্রমাণ সংগ্রহ করা হয়েছে। এ বিষয়ে ভুক্তভোগী পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ছবি প্রতিবেদক।


