স্ফুলিঙ্গ ডেক্স :
খুলনা মহানগরীর গুরুত্বপূর্ণ স্থাপনার ক্ষতিসাধন, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করা ও নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করে দেশ অস্থিতিশীল করার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৩ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ।
বিজ্ঞাপন
গতকাল বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) বিকেল আনুমানিক ৫টা ১০ মিনিটে সোনাডাঙ্গা থানাধীন শিববাড়ী মোড় থেকে তেঁতুলতলাগামী পাকা সড়কের ওপর ঝটিকা মিছিল ও নাশকতার চেষ্টাকালে তাঁদের গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞাপন
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন— সোনাডাঙ্গা গোবরচাকা নবীনগর এলাকার বাসিন্দা মৃত ইসলাম সরদারের ছেলে মোঃ তনু সরদার (৩৩), শেখপাড়া মেইন রোডের বাসিন্দা মোঃ এসকেন মিয়ার ছেলে মোঃ ইব্রাহিম হোসেন (২৮) এবং খুলনা সদর থানাধীন পশ্চিম টুটপাড়া এলাকার মৃত খোরশেদ হাওলাদারের ছেলে মোঃ সোহাগ হাওলাদার (৪০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ১০ সেপ্টেম্বর বিকেলে নিষিদ্ধ ঘোষিত দলটির নেতাকর্মীরা সরকার উৎখাত ও নগরজুড়ে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে সংগঠিত হয়ে শিববাড়ী মোড়ে রাস্তায় ইট-পাটকেল নিক্ষেপ করে যানবাহন ভাঙচুর ও প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা চালায়। খবর পেয়ে সোনাডাঙ্গা থানা পুলিশের একটি দল তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে ধাওয়া দিয়ে ঘটনাস্থল থেকেই তনু সরদার ও ইব্রাহিম হোসেনকে হাতেনাতে গ্রেপ্তার করে।
ঘটনাস্থল থেকে মিছিলের ব্যানার এবং ২টি স্মার্ট মোবাইল ফোন জব্দ করে পুলিশ। পরে এই ঘটনায় সোনাডাঙ্গা মডেল থানায় সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা (মামলা নং-১৩, তারিখ: ১০/০৯/২০২৬) রুজু করা হয়।
পরবর্তীতে ঘটনার সত্যতা যাচাই, গোপন তথ্য ও সিসিটিভি/ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে তদন্তে প্রাপ্ত সন্দেহভাজন আসামি মোঃ সোহাগ হাওলাদারকে আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৭টা ২০ মিনিটে খুলনা সদর থানাধীন পশ্চিম টুটপাড়ার নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত তিন আসামিকে খুলনা মহানগর হাকিম আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার সাথে জড়িত অন্যান্যদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশের জোর অভিযান অব্যাহত রয়েছে। ছবি সংগৃহীত।


