স্ফুলিঙ্গ রিপোর্ট :
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে যশোর সদর ও সীমান্তবর্তী এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনা করে ৯০ বোতল নিষিদ্ধ উইনকেরেক্স সিরাপসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি চৌকস দল।
আজ সোমবার (২ নভেম্বর ২০২৬) সকালে এসআরবি-৬ যশোর ক্যাম্পের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই সফল অভিযানের বিস্তারিত তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোপন সংবাদের ভিত্তিতে অদ্য সকাল ৯টার দিকে এসআরবি-৬, সিপিসি-৩ যশোর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল যশোর জেলার চৌগাছা থানাধীন মৃধাপাড়া মহিলা কলেজের সামনে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন নীল রঙের একটি ইজিবাইক থামিয়ে তল্লাশি চালানো হলে তার ভেতর থেকে ৯০ বোতল ফেনসিডিল জাতীয় মাদকদ্রব্য ‘উইনকেরেক্স’ উদ্ধার করা হয় এবং এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
গ্রেফতারকৃত আসামিরা হলেন— ১। মো. হানিফ (২৯), পিতা— গিয়াস উদ্দিন, সাং— সোনাইডাঙ্গা এবং ২। মো. কামরুজ্জামান খোকা (৪৭), পিতা— মো. তুজাম্মেল মন্ডল, সাং— উত্তরপাড়া, জলুলী। উভয় আসামির স্থায়ী ঠিকানা ঝিনাইদহ জেলার মহেশপুর থানা এলাকায়।
অভিযানকালে উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে উদ্ধারকৃত মাদকদ্রব্য (উইনকেরেক্স) জব্দ করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক জব্দকৃত আলামতসহ তাদের যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে এসআরবি-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার মো. ইমামীম মুবীন সরকার সুমন জানান, নিয়মিত মামলার পলাতক আসামি, বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত অপরাধী, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং চাঞ্চল্যকর হত্যা কিংবা অপরাধমূলক ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে এসআরবির এই ধরনের বিশেষ অভিযান ও তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।ছবি সংগৃহীত।
