মোঃ মাসুদ রানা, (কালীগঞ্জ) ঝিনাইদহ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় গরুচোর সন্দেহে ক্ষুব্ধ জনতার গণপিটুনিতে আরিফ হোসেন নামের এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর ও আশঙ্কাজনক অবস্থায় অপর একজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত আরিফের বাড়ি যশোর জেলার কোতোয়ালি থানা এলাকায় হলেও আহত ব্যক্তির পরিচয় এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্র ও পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে কালীগঞ্জ উপজেলার বাদুরগাছা গ্রামে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
গ্রামের বাসিন্দা নিলুফা বেগম নামে এক বিধবা নারী জানান, গভীর রাতে তাঁর বসতবাড়িতে গরু চুরির উদ্দেশ্যে অজ্ঞাত দুজন প্রবেশ করে। বিষয়টি টের পেয়ে তিনি চিৎকার শুরু করলে আশপাশের উত্তেজিত গ্রামবাসী ছুটে এসে দুজনকে ধাওয়া দিয়ে ধরে ফেলে। এ সময় উপস্থিত জনতা তাদের ওপর চড়াও হয়ে গণধোলাই দিলে আঘাতের তীব্রতায় ঘটনাস্থলেই আরিফ মারা যান এবং অন্যজন মারাত্মকভাবে রক্তাক্ত হন।
পরদিন শনিবার সকাল ১০টার দিকে আহত ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, খবর পাওয়ামাত্রই পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে থানায় নিয়ে আসেন এবং আহত ব্যক্তিকে চিকিৎসাসেবার জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।
একই বিষয়ে কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ হোসেন জানান, অপরাধী হলেও আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ নেই। পুরো ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিবিড়ভাবে তদন্ত করা হচ্ছে এবং নিহত ও আহতদের পূর্ণাঙ্গ পরিচয় শনাক্তের প্রক্রিয়া চলমান রয়েছে। ছবি সংগৃহীত।


