বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া (পটুয়াখালী):
পটুয়াখালীর কলাপাড়া চৌকি আদালতে সদ্য যোগদানকৃত নবনিযুক্ত যুগ্ম জেলা ও দায়রা জজ মো. নুরুল হুদা চৌধুরীর সাথে আদালতে কর্মরত আইনজীবীদের এক প্রাণবন্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) সকাল সাড়ে দশটার দিকে কলাপাড়া চৌকি আদালত বার ভবনে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
চৌকি আদালত আইনজীবী সমিতির সভাপতি ও সিনিয়র সিভিল জজ আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এজিপি) অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন নবাগত যুগ্ম জেলা ও দায়রা জজ জনাব মো. নুরুল হুদা চৌধুরী।
বিজ্ঞাপন
চৌকি আদালত আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এবং সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সহকারী পাবলিক প্রসিউকিটর (এপিপি) অ্যাডভোকেট মো. আবুল হোসেনের দক্ষ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য উপস্থাপন করেন সিনিয়র সিভিল জজ জনাব মহিদুল হাসান এবং সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মো. রাব্বি ইসলাম রনি।
মতবিনিময় সভায় অন্যান্য অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিউকিটর (এপিপি) অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, চৌকি আদালতের সহকারী পাবলিক প্রসিউকিটর অ্যাডভোকেট শাহাবুদ্দিন খন্দকার, সিনিয়র সিভিল জজ আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এজিপি) অ্যাডভোকেট শাহজাহান পারভেজ, চৌকি আদালত আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জ্ঞানেন্দ্র চন্দ্র মন্ডল, সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট মুজিবুর রহমান চুন্নু, অ্যাডভোকেট সাইদুর রহমানসহ কলাপাড়া চৌকি আদালতে কর্মরত বিশিষ্ট আইনজীবীবৃন্দ।
অনুষ্ঠানের সূচনালগ্নে কলাপাড়া আইনজীবী সমিতির পক্ষ থেকে নেতৃবৃন্দ নবাগত যুগ্ম জেলা ও দায়রা জজ জনাব মো. নুরুল হুদা চৌধুরীকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা ও শ্রদ্ধা জানান। সভায় বক্তারা সাধারণ বিচারপ্রার্থী মানুষের আইনি সুরক্ষার সুফল নিশ্চিত করা, মামলার জট নিরসন এবং আদালত পরিচালনায় বিচারক ও আইনজীবীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার ওপর আলোকপাত করেন। ছবি প্রতিবেদক।
