স্ফুলিঙ্গ ডেক্স :
২০২৬ সালের এসএসসি ও সমমানের ফলাফলে প্রত্যাশিত সাফল্য না পাওয়া শিক্ষার্থীদের ভেঙে না পড়ে ধৈর্য ধারণ করার পরাামর্শ দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একটি পাবলিক পরীক্ষার ফল জীবনের শেষ কথা হতে পারে না উল্লেখ করে তিনি স্পষ্ট জানান, অকৃতকার্য হলেও সরকার ও শিক্ষা মন্ত্রণালয় সব সময় শিক্ষার্থীদের পাশে রয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত এক পোস্টে তিনি শিক্ষার্থীদের মন সামাজিক ও মানসিকভাবে চাঙ্গা করার এই বার্তা প্রদান করেন।
শিক্ষামন্ত্রী উল্লেখ করেন, প্রত্যাশিত ফলাফল না এলে কষ্ট ও হতাশা হওয়াটা স্বাভাবিক, তবে এটিকে জীবনের শেষ পরিণতি মনে করা চরম ভুল। মাত্র কয়েক ঘণ্টার পরীক্ষা কোনো শিক্ষার্থীর জীবনের আসল পরিচয় কিংবা তার পরিমাপক তৈরি করতে পারে না। কোনো মানুষের মেধা, কঠোর পরিশ্রম ও স্বপ্নের কোনো নির্দিষ্ট নম্বর হতে পারে না। সাময়িক এই ব্যর্থতা কাটিয়ে কঠোর অনুশীলনের মাধ্যমে আগামী দিনে ঘুরে দাঁড়ানোর তাগিদ দেন তিনি।
বিজ্ঞাপন
অভিভাবকদের উদ্দেশ্যে মন্ত্রী অনুরোধ জানিয়ে বলেন, অকৃতকার্য হয়ে শিক্ষার্থীরা মানসিকভাবে যে ভয় ও সংকোচে থাকে, তা দূর করতে পরিবারকেই আগে এগিয়ে আসতে হবে। ঘরের পরিবেশকে কঠোর বিচারালয় না বানিয়ে সন্তানকে পরম মমতায় ও স্নেহে আগলে রাখার পরামর্শ দেন তিনি।
একই সাথে শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, পিছিয়ে পড়া শিক্ষার্থীদের কেন এই ফল হলো তা খতিয়ে দেখতে হবে। কারণ ব্যর্থতার একক দায় কোনো অবুঝ শিক্ষার্থীর নয়, বরং এর সাথে শিক্ষক ও প্রচলিত শিক্ষাব্যবস্থারও দায়বদ্ধতা থাকে।
শিক্ষার্থীদের পুনরায় ঘুরে দাঁড়াতে ও পড়ালেখার পরিবেশ নিশ্চিত করতে শিক্ষা মন্ত্রণালয় সব ধরনের একাডেমিক সুবিধা প্রদান করবে বলে এই ফেসবুক বার্তায় স্পষ্ট নিশ্চিত করা হয়। ফাইল ছবি সংগৃহীত।
