রফিক মন্ডল, নিজস্ব প্রতিবেদক, কোটচাঁদপুর (ঝিনাইদহ) থেকে।।
তারিখ: ২৬ নভেম্বর ২০২৬
সাধারণ মানুষের সঙ্গে প্রশাসনের দূরত্ব কমাতে এবং দাপ্তরিক ভোগান্তি লাঘব করতে ঝিনাইদহের কোটচাঁদপুরে নিয়মিত গণশুনানি শুরু করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম হোসাইন। প্রতি বুধবার তাঁর কার্যালয়ে সরাসরি নাগরিকদের সমস্যা ও অভিযোগ শোনার এই উদ্যোগ স্থানীয়দের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।
এই ব্যবস্থার ফলে জমিজমা-সংক্রান্ত বিরোধ, সরকারি সেবা পেতে নানা ভোগান্তি, সামাজিক ও ব্যক্তিগত সমস্যাসহ বিভিন্ন দপ্তরের সেবা গ্রহণে বাধা নিয়ে মানুষ সরাসরি ইউএনওর কাছে যাওয়ার সুযোগ পাচ্ছেন। মধ্যস্বত্বভোগী কিংবা দীর্ঘ দাপ্তরিক ধাপ ছাড়াই সরাসরি প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে কথা বলতে পারায় উপকৃত হচ্ছেন সাধারণ নাগরিকেরা।
বিজ্ঞাপন
স্থানীয় সচেতন ব্যক্তিদের মতে, কেবল কাগজ-কলমের নির্দেশনা দিয়ে উপজেলা পর্যায়ের সেবার মান পুরোপুরি বদলানো যায় না; মানুষের কথা শোনা ও সমস্যার মূলে যাওয়া জরুরি। কোটচাঁদপুরের এই আয়োজন মানুষের মনের সংকোচ দূর করে প্রশাসনের প্রতি আস্থা তৈরি করতে সহায়ক ভূমিকা রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
গণশুনানি প্রসঙ্গে কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম হোসাইন জানান, জনকল্যাণমুখী সেবা নিশ্চিত করা এবং মানুষের ভয় ও জড়তা কাটিয়ে প্রশাসনের দরজা সহজলভ্য করতেই তিনি এ উদ্যোগ নিয়েছেন। সাধারণ মানুষ যেন নির্দ্বিধায় নিজেদের অভিযোগ জানাতে পারেন, সেজন্য প্রতি বুধবার এ কার্যক্রম চালু রাখার পাশাপাশি বিধি মোতাবেক সমাধানে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অন্যদিকে, নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, অভিযোগ শোনার মধ্যেই যেন এই আয়োজন সীমাবদ্ধ না থাকে; বরং প্রতিটি বিষয়ের সুষ্ঠু তদন্ত, দ্রুত সমাধান এবং প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় নিশ্চিত করতে হবে। এতে করে প্রশাসনের জবাবদিহি ও স্বচ্ছতা আরও জোরদার হবে বলে আশা করছেন কোটচাঁদপুরের বাসিন্দারা। ছবি সংগৃহীত।
