বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া প্রতিনিধি
তারিখ: ২৪ নভেম্বর ২০২৬
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়ন পরিষদে (ইউপি) প্রশাসকের পদ দীর্ঘদিন ধরে শূন্য থাকায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। বিশেষ করে জন্ম ও মৃত্যু নিবন্ধনসহ প্রয়োজনীয় নাগরিক সেবা পেতে এসে বিপাকে পড়ছেন ইউনিয়নবাসী।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৯ সেপ্টেম্বর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ও ধানখালী ইউনিয়ন পরিষদের প্রশাসক অপু সাহা বদলি হয়ে যান। এরপর থেকেই পদটি ফাঁকা পড়ে আছে। প্রশাসক না থাকায় ইউনিয়ন পরিষদের স্বাভাবিক ও নিয়মিত কার্যক্রম ব্যাহত হচ্ছে।
বিজ্ঞাপন
এ বিষয়ে ধানখালী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. নেয়ামুল বশির জানান, প্রশাসক না থাকায় জন্ম ও মৃত্যু নিবন্ধনের মতো জরুরি কার্যক্রম পরিচালনা করা যাচ্ছে না। ফলে সেবা নিতে আসা সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান বলেন, ধানখালী ইউনিয়ন পরিষদে নতুন প্রশাসক নিয়োগের লক্ষ্যে প্রয়োজনীয় নথিপত্র ইতোমধ্যে জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়েছে।
এদিকে, ইউনিয়ন পরিষদের সেবাকার্যক্রম স্বাভাবিক করতে দ্রুত প্রশাসক নিয়োগ দিয়ে সাধারণ মানুষের ভোগান্তি দূর করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ছবি প্রতিবেদক।
