স্ফুলিঙ্গ রিপোর্ট
তারিখ: ২৪ নভেম্বর ২০২৬
র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে যশোরে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) যশোর সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে দিবসটি উপলক্ষে পৃথক দুটি র্যালি বের করা হয়। এর একটি ছিল আত্মহত্যা সম্পর্কে ধারণা পরিবর্তন এবং অন্যটি বেঁচে থাকার অভিজ্ঞতা শোনার বিষয়ে।
র্যালি শেষে সিভিল সার্জন কার্যালয়ের অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা জানান, বিশ্বে প্রতি ছয়জনের একজন মানসিক সমস্যায় ভুগছেন। বাংলাদেশেও এ চিত্র উদ্বেগজনক; দেশের প্রায় ২০ কোটি মানুষের মধ্যে প্রায় ৪ কোটি মানুষ কোনো না কোনো মানসিক সমস্যায় আক্রান্ত। অথচ এত বিপুলসংখ্যক মানুষের বিপরীতে চিকিৎসাসেবা দেওয়ার জন্য দেশে মনোরোগ বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন মাত্র ৩০০ জনের মতো। ফলে প্রায় ৯০ শতাংশ মানসিক রোগীই প্রয়োজনীয় চিকিৎসার বাইরে থেকে যাচ্ছেন।
বিজ্ঞাপন
বক্তারা আরও উল্লেখ করেন, সামাজিক মান-অভিমান, হীনম্মন্যতা ও নেতিবাচক চিন্তাভাবনা থেকে মানসিক সমস্যার জন্ম হতে পারে, যা অনেক সময় মানুষকে আত্মহত্যার মতো চরম পথ বেছে নিতে প্ররোচিত করে। একটি জীবন অত্যন্ত মূল্যবান উল্লেখ করে তাঁরা মানসিক সুস্বাস্থ্য রক্ষায় পরস্পরের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা এবং নেতিবাচক চিন্তা ও আচরণ পরিহার করে সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর জোর দেন।
সভাপতির বক্তব্য দেন যশোরের সিভিল সার্জন ডা. মো. মাসুদ রানা। সভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নন-কমিউনিকেবল ডিজিজ বিভাগের জাতীয় পরামর্শক মো. আব্দুল কাদের মানসিক স্বাস্থ্যবিষয়ক নানা তথ্য-উপাত্ত তুলে ধরেন।
আলোচনায় অংশ নেন যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. হুসাইন শাফায়াত, যশোর মেডিকেল কলেজের মনোরোগ বিভাগের চিকিৎসক ডা. মো. মাহবুবুল হাসান এবং শংকরপুর গোলাম প্যাটেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাংবাদিক মো. নজরুল ইসলাম বুলবুল।
এ ছাড়া অনুষ্ঠানে ডেপুটি সিভিল সার্জন ডা. মো. নাজমুস সাদিক, যশোর ২৫০ শয্যা হাসপাতালের আরএমও ডা. হাবিবা সিদ্দিকা ফোয়ারা এবং যশোর টিবি হাসপাতালের কনসালট্যান্ট ডা. শেখ মো. কামরুজ্জামানসহ বিভিন্ন স্তরের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন। ছবি সংগৃহীত।

