স্ফুলিঙ্গ ডেক্স :
তারিখ: ২১ নভেম্বর ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের ওপর দেওয়া নিষেধাজ্ঞাকে স্থায়ী আইনি রূপ দেওয়া এবং দলটির বিরুদ্ধে ওঠা সহিংসতা, অগ্নিসংযোগ ও প্রাণহানির অভিযোগ অনুসন্ধানে স্বাধীন বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের দাবিতে সরকারের চার সচিবকে আইনি নোটিশ দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মো. রবিউল করিমের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী এএসএম শাহরিয়ার কবির ১৬ পৃষ্ঠার এই নোটিশ পাঠান।
মন্ত্রিপরিষদ সচিব, পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র সচিব এবং আইন সচিবকে পাঠানো ওই নোটিশে উল্লিখিত বিষয়ে ২৪ ঘণ্টার মধ্যে ব্যাখ্যা চাওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া না হলে আগামীকাল রোববার (২২ নভেম্বর) হাইকোর্ট বিভাগে রিট দায়ের করা হবে বলে নোটিশে জানানো হয়; সেখানে রুল জারির পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশনা দেওয়ার আবেদন জানানো হবে।
বিজ্ঞাপন
নোটিশে উল্লেখ করা হয়, নিষেধাজ্ঞার বিষয়টিকে শক্তিশালী আইনি ভিত্তি দিতে জাতীয় সংসদে আইন পাস করতে হবে অথবা সংসদ অধিবেশন চালু না থাকলে অধ্যাদেশ জারি করা প্রয়োজন। একই সঙ্গে নিষিদ্ধ কর্মকাণ্ডে আর্থিক জোগান বা সাংগঠনিক সহায়তা দিলে শাস্তির বিধান, সম্পদ জব্দ এবং উচ্চ আদালতের মাধ্যমে বিচারিক পর্যালোচনার সুযোগ রাখার প্রস্তাব করা হয়েছে।
এ ছাড়া ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে উত্থাপিত সহিংসতার ঘটনাগুলো তদন্তে সুপ্রিম কোর্টের একজন কর্মরত বা অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে ৯০ দিনের একটি স্বাধীন বিচার বিভাগীয় কমিশন গঠনের অনুরোধ জানানো হয়েছে। ওই অনুসন্ধানে অর্থের উৎস ও কোনো বিদেশি সংযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখে প্রতিবেদন প্রকাশ ও জাতিসংঘে পাঠানোর দাবিও তোলা হয়।
আন্তর্জাতিক পদক্ষেপের অংশ হিসেবে কূটনৈতিক মিশনগুলোর মাধ্যমে বিদেশি সরকারগুলোকে নিষেধাজ্ঞার তথ্য জানানো, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৩৭৩ নম্বর প্রস্তাব অনুযায়ী নেওয়া উদ্যোগ সম্পর্কে জাতিসংঘকে অবহিত করা এবং যুক্তরাষ্ট্রের অভিবাসন ও জাতীয়তা আইনের অধীনে দলটিকে ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করার বিষয়টি বিবেচনার জন্য ওয়াশিংটনকে অনুরোধ জানাতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।
পাশাপাশি সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ এবং দণ্ডবিধি, ১৮৬০ অনুযায়ী জেনেশুনে নিষিদ্ধ সশস্ত্র কর্মকাণ্ডে অর্থায়ন বা সহায়তাকারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ফৌজদারি মামলা দায়েরের দাবি জানানো হলেও শান্তিপূর্ণ ভিন্নমত, বৈধ রাজনৈতিক মতপ্রকাশ এবং সরকারের সমালোচনাকে এর বাইরে রাখার বিষয়টি নোটিশে পরিষ্কার করা হয়েছে। ছবি সংগৃহীত।
