স্ফুলিঙ্গ রিপোর্ট
তারিখ: ১৯ নভেম্বর ২০২৬
যশোরের শার্শা উপজেলার বেনাপোলে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ব্যানার প্রস্তুত করার সময় ইমরান আলী নামের এক ব্যক্তিকে আটক করে গণপিটুনী দিয়েছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। একই সময়ে পুরো ঘটনার ভিডিও চিত্র ধারণ করতে গেলে মামুন নামের অপর এক ব্যক্তিকেও পিটিয়ে আহত করা হয়। গতকাল বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বেনাপোল পৌরসভার রেলস্টেশন সংলগ্ন ‘বন্দর প্রেস’ নামের একটি ছাপাখানায় এই উত্তেজনাকর ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় বেনাপোল রেলস্টেশন এলাকার বন্দর প্রেসে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের ব্যানার ছাপানোর কাজ চলছিল। বিষয়টি জানতে পেরে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের একদল নেতাকর্মী সেখানে উপস্থিত হন এবং ব্যানার তৈরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইমরান আলীকে আটক করে মারধর শুরু করেন। এ সময় সেখানে উপস্থিত মামুন নামের এক ব্যক্তি মোবাইল ফোনে ওই মারধর ও হট্টগোলের ভিডিও ধারণ করতে গেলে ক্ষুব্ধ নেতাকর্মীরা তাঁর ওপরও চড়াও হন এবং তাঁকে বেধড়ক মারধর করেন।
বিজ্ঞাপন
খবর পেয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিক্ষুব্ধদের হাত থেকে আহত ইমরান আলী ও মামুনকে উদ্ধার করে নিজ হেফাজতে নেয়। বর্তমানে আহত ওই দুজন বেনাপোল পোর্ট থানা পুলিশের হেফাজতেই রয়েছেন। নিষিদ্ধ সংগঠনের ব্যানার তৈরি এবং পরবর্তীতে মারধরের এই ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখার পাশাপাশি এ বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। ছবি সংগৃহীত।

