দালালের খপ্পরে পড়ে ভারতের লখনৌ কারাগারে কেটেছে ৫ বছর : অবশেষে বেনাপোল  হয়ে দেশে ফিরলেন জামালপুরের তিন যুবক

দালালের খপ্পরে পড়ে ভারতের লখনৌ কারাগারে কেটেছে ৫ বছর : অবশেষে বেনাপোল হয়ে দেশে ফিরলেন জামালপুরের তিন যুবক

স্ফুলিঙ্গ রিপোর্ট :

তারিখ: ১৭ নভেম্বর ২০২৬

পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনার আশায় দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমাতে গিয়ে দালালের প্রতারণার শিকার হয়ে ভারতের কারাগারে দীর্ঘ পাঁচ বছর দুই মাস বন্দি ছিলেন জামালপুরের তিন যুবক। অবশেষে দীর্ঘ আইনি লড়াই ও যাবতীয় আনুষ্ঠানিকতা শেষে মুক্তি পেয়ে আজ মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) বেলা ১১টার দিকে যশোরের বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে নিজ দেশে ফিরেছেন তাঁরা।

স্বদেশে ফেরা এই তিন যুবক হলেন—জামালপুরের মাদারগঞ্জ পৌরসভার জোনাইল পক্ষীমারী গ্রামের সোনা মণ্ডলের ছেলে মেহেদী হাসান, জয়নাল মিয়ার ছেলে মমিন মিয়া এবং রেজাউল করিমের ছেলে শাওন হাসান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

স্বজনদের সূত্রে জানা গেছে, উন্নত জীবনের আশায় ২০২১ সালে দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে দেশ ছেড়েছিলেন ওই তিন তরুণ। কিন্তু দালাল চক্রের প্রতারণায় পড়ে গন্তব্যে পৌঁছানোর আগেই ওই বছরের ১০ আগস্ট ভারতের দিল্লি বিমানবন্দরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হন তাঁরা। পরবর্তীতে তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হলে ২০২১ সালের অক্টোবর মাসে ভারতের আদালত তাঁদের আট বছরের কারাদণ্ড প্রদান করেন এবং উত্তর প্রদেশের লখনৌ কেন্দ্রীয় কারাগারে পাঠান।

সন্তানদের কারাবন্দি থাকার খবর পাওয়ার পর থেকেই দেশে থাকা পরিবারগুলো তাঁদের মুক্ত করতে নিরবচ্ছিন্ন আইনি প্রচেষ্টা চালিয়ে যায়। দীর্ঘ পাঁচ বছর দুই মাস কারাভোগের পর অবশেষে গত ১৩ নভেম্বর লখনৌ কারাগার থেকে মুক্তি পান মেহেদী, মমিন ও শাওন। প্রয়োজনীয় ট্রাভেল পারমিট ও ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে আজ মঙ্গলবার তাঁরা বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশের মাটিতে পা রাখেন।

দীর্ঘ প্রতীক্ষার পর সন্তানদের ফিরে পাওয়ার খবরে জামালপুরের মাদারগঞ্জের ওই তিন পরিবারে এখন বইছে আনন্দের বন্যা। শাওন হাসানের বাবা রেজাউল করিম আবেগাপ্লুত কণ্ঠে জানান, দীর্ঘ কারাভোগের অবসান ঘটিয়ে তাঁর ছেলেসহ তিনজনই নিরাপদে দেশে ফিরেছেন এবং ইতিমধ্যেই বেনাপোল থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন। প্রিয়জনদের বরণ করে নিতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

কেশবপুরে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তদের পেট্রোল বোমা নিক্ষেপ

বেনাপোলে আ.লীগের ব্যানার তৈরি ও ভিডিও ধারণকে কেন্দ্র করে দুজনকে পিটুনি

যশোর শহরের প্রাণকেন্দ্রে আ.লীগের মিছিলের ভিডিও প্রকাশ : মিছিলের নির্দিষ্ট স্থান ও সময় নিয়ে ধোঁয়াশা

নিরাপত্তা শঙ্কায় খুলনা থেকে ঢাকাসহ দূরপাল্লার সব রুটে বাস চলাচল বন্ধ

অভয়নগরে প্রতিবন্ধী শিশু ধর্ষণ মামলায় ৭০ বছরের বৃদ্ধের ৫ বছরের কারাদণ্ড

শেখহাটি এলাকায় তরুণীকে ব্ল্যাকমেইল ও ধর্ষণের ঘটনায় মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে মামলা

চৌগাছা থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে মেহেদী হাসানের যোগদান

ওষুধ ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় যশোরে বিসিডিএসের প্রতিবাদ

শার্শার পুটখালী ইউনিয়নে বিএনপির বিশাল প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *