স্ফুলিঙ্গ রিপোর্ট :
তারিখ: ১৬ নভেম্বর ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের দেশব্যাপী অব্যাহত নৈরাজ্য ও ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ জানিয়ে যশোরে বিশাল এক প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর সদর উপজেলা শাখা।
আজ সোমবার (১৬ নভেম্বর) বিকেলে শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দান সংলগ্ন মোড়ে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। যশোর সদর উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আলী আশরাফের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর সিদ্দিকী।
বিজ্ঞাপন
সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস, প্রচার সম্পাদক শাহাবুদ্দীন, শহর শাখা ছাত্রশিবিরের সভাপতি ওবায়দুল্লাহসহ জেলা, সদর উপজেলা ও শহর শাখার বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী।
সমাবেশের বক্তারা সারাদেশে আওয়ামী লীগের কথিত অনৈতিক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সম্প্রতি গোপালগঞ্জে জামায়াতের নেতাকর্মী ও সাধারণ মানুষের ওপর নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়ে তাঁরা অবিলম্বে এর সুনির্দিষ্ট ও সুষ্ঠু বিচার দাবি করেন। একই সঙ্গে জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের জোরালো দাবি জানিয়ে বক্তারা বলেন, “এই বাংলার মাটিতে ফ্যাসিবাদী শক্তির আর কোনো স্থান হবে না। সরকার যদি দ্রুত প্রয়োজনীয় ও কঠোর পদক্ষেপ গ্রহণ না করে, তবে জুলাইয়ের মতো আবারও অপ্রতিরোধ্য গণআন্দোলন গড়ে তোলা হবে।”
এ সময় বক্তারা বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও হাদি—সহ সকল শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং ফ্যাসিবাদবিরোধী বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন।
সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে শুরু হয়। মিছিলটি দড়াটানা ভৈরব চত্বর, গাড়িখানা রোড ও চিত্রা মোড়সহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা মোড়ে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। ছবি সংগৃহীত।
