স্ফুলিঙ্গ রিপোর্ট :
তারিখ: ১৪ নভেম্বর ২০২৬
যশোরের শার্শা থানা পুলিশের চলমান বিশেষ অভিযানে অস্ত্র ও বিস্ফোরকসহ সাতটি মামলার আসামি মো. আরিকুল ইসলামকে (৩৪) গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার (১৪ নভেম্বর) বেলা পৌনে বারোটার দিকে উপজেলার চটকাপোতা গ্রামস্থ নিজ বসতবাড়ি থেকে তাঁকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত আরিকুল ইসলাম শার্শা উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।
শার্শা থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) শেখ মো. জাহিদুল আলমের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের একটি চৌকস দল চটকাপোতা গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানকালে মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মো. আরিকুল ইসলামকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞাপন
পুলিশের তথ্যমতে, আরিকুল ইসলামকে গত ১৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে শার্শা থানায় বিশেষ ক্ষমতা আইন (১৯৭৪) এবং বিস্ফোরক দ্রব্য আইনে (১৯০৮) দায়েরকৃত একটি নিয়মিত মামলার (এফআইআর নং-২৩, জিআর নং-৩০২) তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও তাঁর বিরুদ্ধে ইতিপূর্বে দুটি অস্ত্র মামলা এবং দুটি বিস্ফোরক মামলাসহ সর্বমোট সাতটি নিয়মিত মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিকে আজ শনিবারই যথাযথ পুলিশি প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। শার্শা থানা পুলিশ জানিয়েছে, বর্তমানে থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। ছবি সংগৃহীত।
