স্ফুলিঙ্গ রিপোর্ট :
তারিখ: ১০ নভেম্বর ২০২৬
যশোর শহরের নিউমার্কেট এলাকায় হেলমেট পরিহিত অজ্ঞাত দুর্বৃত্তরা দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে—এমন দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া সংবাদটি সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন বলে জানিয়েছে পুলিশ।
আজ মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) রাতে বিষয়টির সত্যতা নিশ্চিত করে যশোর কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, ককটেল বিস্ফোরণের তথ্যটি সম্পূর্ণ কাল্পনিক। কিছু স্বার্থান্বেষী মহল ভুয়া ফেসবুক আইডির মাধ্যমে এ ধরনের মিথ্যা তথ্য প্রচার করে জনমনে অহেতুক আতঙ্ক ও বিভ্রান্তি সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে।
বিজ্ঞাপন
ঘটনার প্রেক্ষাপট বর্ণনা করে ওসি বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দেশব্যাপী ঘোষিত অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করতেই পরিকল্পিতভাবে এমন অপপ্রচার চালানো হয়ে থাকতে পারে। তবে বাস্তবে নিউমার্কেট বা এর আশপাশের কোথাও এমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
তিনি আরও জানান, শহরের নিরাপত্তা বজায় রাখতে সন্ধ্যা থেকেই নিউমার্কেটসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পোশাকধারী ও সাদা পোশাকের পুলিশের সার্বক্ষণিক টহল জোরদার ছিল। যেকোনো ধরনের গোলযোগ প্রতিরোধে জেলা পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো এ ধরনের চটকদার ও কাল্পনিক গুজবে কান না দিয়ে শহরবাসীকে শান্ত ও সচেতন থাকার আহ্বান জানিয়েছে পুলিশ প্রশাসন। ছবি সংগৃহীত।
